Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

উয়েফা ও কনকাকাফের পর এএফসির বিরোধিতা, বিপাকে ফিফা

স্পোর্টস ডেস্ক

৩১ জুলাই ২০২৬, ০৫:০৬ পিএম

ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিশ্বকাপ ও অন্যান্য টুর্নামেন্টের স্বত্ব বা শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে এবার একাট্টা হলো এশিয়ান ফুটবল কনফেডারেশন। ইউরোপীয় সংস্থা উয়েফা এবং উত্তর ও মধ্য আমেরিকার সংস্থা কনকাকাফ -এর পর তৃতীয় কনফেডারেশন হিসেবে এএফসি এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে।

এশীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থার এই আনুষ্ঠানিক বিরোধিতার খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেছেন জিয়ানি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস করদেইরো। পদত্যাগপত্রে করদেইরো স্পষ্ট ভাষায় জানান, ইনফান্তিনোর এই বাণিজ্যিক পরিকল্পনাটি "ফুটবলের জন্য একটি বাজে চুক্তি" এবং এটি বাস্তবায়ন হলে "ফুটবলের ভবিষ্যৎ বন্ধক রাখা হবে।"

এক আনুষ্ঠানিক বিবৃতিতে এএফসি জানিয়েছে, তারা উয়েফা ও কনকাকাফের অবস্থানের সাথে সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছে। ইনফান্তিনোর পরিকল্পনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এএফসি বলে, এ ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আন্তর্জাতিক অংশীদারদের সাথে কোনো পরামর্শই করেনি ফিফা। এতে করে ফিফার পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণের মৌলিক দুর্বলতা প্রকাশ্যে চলে এসেছে।

সংস্থাটি আরও জানিয়েছে, বিশ্বকাপ বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর। এর সার্বজনীনতা ও সার্বিক ঐক্যকে ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনো বাণিজ্যিক প্রস্তাব পুনরায় বিবেচনা করা জরুরি।

ফিফার ২১১টি সদস্য দেশের মধ্যে কোনো প্রস্তাব পাস করতে হলে ১০৬টি ভোটের প্রয়োজন হয়। কিন্তু ইউরোপের ৫৫, কনকাকাফের ৩৫ এবং এশিয়ার ৪৬- এই তিন কনফেডারেশনের মোট ১৩৬টি দেশ এখন সরাসরি ইনফান্তিনোর এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফলে প্রস্তাবটি ভোটে দেওয়া হলেও তা পাস হওয়ার আর কোনো সম্ভাবনা নেই বললেই চলে।

উয়েফার বয়কটের হুমকির পর এবার এএফসির বয়কট-বান্ধব অবস্থান এবং নিজের উপদেষ্টার পদত্যাগে চরম প্রশাসনিক ও কৌশলগত কোণঠাসা অবস্থায় পড়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো।