স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ০৩:০৬ পিএম
ক্রিকেটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অনেক ম্যাচেই নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। লম্বা সময় ধরেই লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামছেন না তিনি। তবে জাতীয় দলের বাইরে থাকলেও এবার আরও একবার বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ তাঁর সামনে।
এশিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে শুরু হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন সাকিব।
বুধবার (২৯ জুলাই) রাতে এশিয়ান লিজেন্ডস লিগ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে। এই টুর্নামেন্টে সাকিবের ডেপুটি থাকছেন অলক কাপালি।
আফ্রিকার দেশ জাম্বিয়ার লুসাকা স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় আসরটি। এ ছাড়া ধীমান ঘোষ, মেহেদি মারুফ, শফিউল ইসলাম, আবুল হাসান রাজুদের মতো পরিচিত মুখও রয়েছেন দলে।
পাশাপাশি এই লিগে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন এশিয়ান স্টার্স, ইন্ডিয়ান্স রয়্যালস, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স, শ্রীলঙ্কান লায়ন্স।
ভারতের প্রতিনিধিত্ব করবেন শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক, হরভজন সিং, সুরেশ রায়নারা। শ্রীলঙ্কার দলে রয়েছেন কুমার সঙ্গকারা, উপল থারাঙ্গা। পাকিস্তানের দলে থাকছেন মহম্মদ হাফিজ, শোয়েব মালিক উমর আকমলের মতো তারকারা।
বাংলাদেশ টাইগার্স দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল ও সাদেকুর রহমান।