স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ০১:৫১ পিএম
ফুটবল বিশ্বকাপের শেয়ার বা অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনা নিয়ে বিশ্ব ফুটবলে তীব্র সংকট ও সমালোচনার সৃষ্টি হলেও, এই আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফিফা। একই সাথে উয়েফা ও কনকাকাফের বয়কটের হুমকির মুখে নিজেদের অবস্থান স্পষ্ট করে ফিফা জানিয়েছে, "কেউ ফুটবল বিক্রি করছে না।"
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফ গত বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে ইনফান্তিনোর এই বাণিজ্যিক পরিকল্পনা প্রত্যাখ্যান করে এবং প্রস্তাবটি বাতিল না হলে বিশ্বকাপ বয়কটের হুশিয়ারি দেয়। ফিফার প্রস্তাবটির বিরোধিতা করছে মোট ৯৬টি দেশ। ২১১টি সদস্য দেশের মধ্যে প্রস্তাবটি পাস করাতে ১০৬টি ভোটের প্রয়োজন, যেখানে উয়েফা ও কনকাকাফ মিলিয়ে ৯৬টি ভোট এখন সরাসরি প্রস্তাবের বিপক্ষে অবস্থান করছে।
শুক্রবার এক বিবৃতিতে ফিফা দাবি করেছে যে, ভুল গণমাধ্যম প্রতিবেদনের কারণে তাদের আলোচনা প্রক্রিয়াটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিফা তাদের বিবৃতিতে উল্লেখ করে,
"আমরা জনসমক্ষে প্রকাশ করা মতামত ও উদ্বেগকে সম্মান জানাই এবং একটি উন্মুক্ত ও গণতান্ত্রিক আলোচনার প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। আমরা এই আলোচনা প্রক্রিয়া চালিয়ে যাব যাতে প্রতিটি সদস্য অ্যাসোসিয়েশন তথ্যের ওপর ভিত্তি করে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কেউ ফুটবল বিক্রি করছে না। এটি এমন কোনো বিষয় নয় যা ফিফা কখনো বিবেচনা করবে।"
উয়েফা ও কনকাকাফের তীব্র বিরোধিতার পরও ফিফা এই সংলাপে অনড় থাকায় বিশ্ব ফুটবলের এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন দিকে মোড় নেয়, তা নিয়ে ক্রীড়াঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে।