Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

হঠাৎ কেন ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম

৩০ জুলাই ২০২৬, ০৭:০৪ পিএম

বাংলাদেশ ক্রিকেটের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তামিম ইকবাল। বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ এক সফরে আজ বৃহস্পতিবার ভারতের উদ্দেশে রওনা দিচ্ছেন তিনি। তার গন্তব্য বেঙ্গালুরু।

জানা গেছে, সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিখ্যাত সেন্টার অব এক্সিলেন্স ঘুরে দেখবেন তামিম। আধুনিক অনুশীলন সুবিধা, জিমনেশিয়াম, স্পোর্টস সায়েন্স ও বায়োমেকানিক্স ল্যাবসহ সবকিছু সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। উদ্দেশ্য একটাই পূর্বাচলে বাংলাদেশের নিজস্ব আন্তর্জাতিক মানের ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ে তোলা।

বুধবার তামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিসিবি বোর্ড সভায় পূর্বাচল স্টেডিয়াম প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় পূর্বাচলে ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্প বাস্তবায়নে ভারতের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তামিম।

তামিমের সঙ্গে সফরে থাকবেন বিসিবির গ্রাউন্ডস কমিটি ও হাই পারফরম্যান্স বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম। তারা বেঙ্গালুরুর সেন্টারে কীভাবে অনুশীলন, খেলোয়াড় উন্নয়ন ও অবকাঠামো পরিচালনা করা হয়, সেসব বিষয়ে বিস্তারিত জানবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে কোন সুবিধাগুলো দ্রুত বাস্তবায়ন করা সম্ভব, তা নিয়েও ধারণা নেবেন।

তবে এই সফরে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।