Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

নতুন ব্রাজিল গড়তে ৩ তারকা ফুটবলার বাদ দিলেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক

৩০ জুলাই ২০২৬, ০৪:০৮ পিএম

বিশ্বকাপের হতাশা কাটিয়ে নতুন স্বপ্ন দেখছে ব্রাজিল। পাঁচবারের চ্যাম্পিয়নদের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেইমার, দানিলো ও কাসেমিরোর মতো অভিজ্ঞ তারকাদের আর জাতীয় দলে বিবেচনা করা হবে না। হেক্সার স্বপ্ন ভেঙে যাওয়ার পর এবার পুরোপুরি নতুন প্রজন্ম গড়ার পথে হাঁটছে সেলেসাও।

আনচেলত্তি সম্প্রতি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তেকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রথম বছরের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি স্বীকার করেছেন, বিশ্বকাপে কৌশলগত কিছু ভুলের কারণে দল ভুগেছে। নরওয়ের বিপক্ষে হারের পর ২৪ দিন কেটে গেলেও সেই ব্যর্থতার ধাক্কা এখনো কাটেনি।

কোচ বলেন, “এই বিশ্বকাপের মাধ্যমে ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ প্রজন্মের সমাপ্তি ঘটেছে।” ৩০ বছরের বেশি বয়সী খেলোয়াড়দের সময় শেষ হয়েছে বলে মনে করেন তিনি। নেইমার ইতিমধ্যে অবসরের ঘোষণা দিয়েছেন। দানিলো (৩৫) ও কাসেমিরো (৩৪) এখনো অবসর না নিলেও তাদের আর ডাকা হবে না।

আনচেলত্তির মতে, এখন সবচেয়ে বড় লক্ষ্য ২০২৮ সালের কোপা আমেরিকা। তিনি বলেন, “আমরা নতুন ও প্রতিযোগিতামূলক একটা দল তৈরি করতে চাই। এমন তরুণ খেলোয়াড়দের সুযোগ দেব যারা দ্রুত দলে মানিয়ে নিয়ে অবদান রাখতে পারবে।” তবে পুরো দলকে একেবারে বদলে ফেলতে চান না তিনি। মারকিনিওসের মতো কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়কে রেখে নতুনদের পথ দেখানোর পরিকল্পনা করছেন।

আসন্ন ফিফা উইন্ডোতে সেপ্টেম্বর-অক্টোবরে তিনটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি এবং ভারতের বিপক্ষে একটি ম্যাচে নতুন মুখদের পরীক্ষা করবেন আনচেলত্তি। তিনি জানান, “যাদের সম্পর্কে আমাদের ধারণা কম, তাদের দেখার জন্য এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ।”

নরওয়ের বিপক্ষে হার নিয়ে আত্মসমালোচনা করতে গিয়ে কোচ বলেন, হাফটাইমের পর দলের কাঠামো বদলে ফেলায় নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। নেইমারকে নামিয়ে চেষ্টা করেও লাভ হয়নি। 

আনচেলত্তি দলের খেলার ধরন নিয়েও নতুন ভাবনা জানিয়েছেন। ভিনিসিয়ুস, এনদ্রিক, এস্তেভাও, রাফিনিয়ার মতো তরুণ আক্রমণভাগ থাকলে আর বল দখলে রেখে খেলার দরকার নেই। বরং দ্রুতগতির ও সরাসরি আক্রমণাত্মক ফুটবল খেলতে চান তিনি।

গোলরক্ষকের পজিশনেও পরিবর্তন আসছে। আলিসন ও এডারসনের প্রশংসা করলেও নতুন তরুণ গোলকিপারদের খুঁজে বের করার কথা বলেছেন কোচ। ব্রাজিল লিগে খেলা উদীয়মান গোলকিপারদের সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা হবে।