Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

যে কারণে অধিনায়ক থেকে সরানো হয় মিরাজকে

স্পোর্টস ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ০৯:০৩ পিএম

তিন ফরম্যাটে তিন অধিনায়কের প্রচলিত ধারা ভেঙে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এখন থেকে সাদা বলের নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাস, আর টেস্টের দায়িত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডের সফল অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দেওয়ার পেছনে ব্যক্তিগত পারফরম্যান্স ও দলের সামগ্রিক পরিকল্পনাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার বিসিবির বোর্ড সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।

তামিম বলেন, সম্প্রতি বাংলাদেশের অনেক ফাস্ট বোলার চোটের কবলে পড়ায় তিন অধিনায়কের সিস্টেম কাজের নয়। প্রত্যেক অধিনায়কই সেরা বোলারদের দাবি করেন, যা দলের জন্য জটিলতা তৈরি করে। এ কারণেই তিনি তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেনের ধারণার বিপক্ষে।

জিম্বাবুয়ে সফর শেষে কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করে তামিম স্পষ্ট বার্তা দিয়েছেন, আগামী ছয় মাসের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে হবে। এই পরিকল্পনা বোর্ড ও টিমের মধ্যে পুরোপুরি সমন্বয় থাকবে। তিনি বলেন, “একটা সিরিজ জিতলে বোনাস, হারলে শুধু প্রশ্ন করা। এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। ছয় মাস পর আমরা দেখব কতটুকু অর্জন হয়েছে।”

মিরাজকে কেন সরানো হলো এ প্রসঙ্গে তামিম জানান, মিরাজ ওয়ানডেতে খুবই সফল অধিনায়ক। তার নেতৃত্বে ২৪ ম্যাচের মধ্যে ১০টিতে জয় পেয়েছে বাংলাদেশ। তবে অ্যাওয়ে ম্যাচে খারাপ ফলাফল এবং নিজের ব্যক্তিগত পারফরম্যান্সে কিছুটা ঘাটতি দেখা গেছে। বিশেষ করে বোলিংয়ে আরও উন্নতি দরকার। তামিমের মতে, মিরাজকে একজন শক্তিশালী অলরাউন্ডার হিসেবে দলে আরও বেশি প্রয়োজন। তিনি মিরাজের সঙ্গে কথা বলে বিষয়টি বুঝিয়েছেন এবং মিরাজও এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

বিসিবি এখন দুই অধিনায়কের তত্ত্বে বিশ্বাসী। এতে করে ক্যাপ্টেনরা আরও ভালোভাবে পরিকল্পনা করতে পারবেন এবং দলের সামগ্রিক উন্নয়নে মনোযোগ দিতে পারবেন।