স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ০৮:৫২ পিএম
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের আঘাত এখনও তাজা। টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন ভেঙে গেছে। কিন্তু আর্জেন্টিনার রাস্তায়, ঘরে-বাইরে, কোথাও হতাশার ছাপ নেই। বরং লিওনেল মেসি আর লিওনেল স্কালোনির প্রতি কৃতজ্ঞতা আর ভালোবাসার যে জোয়ার উঠেছে, তা দেখে অবাক হতে হয়। হার মেনে নিয়েও আলবিসেলেস্তে পরিবারের বন্ধন আরও মজবুত হয়েছে।
আর্জেন্টিনাভিত্তিক নামকরা জরিপ সংস্থা ‘হিয়াকোব কনসালটোরস’ বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র পাঁচ দিন পর দেশজুড়ে একটি বড় জরিপ চালিয়েছে। ২০ থেকে ২৪ জুলাই পর্যন্ত ১২০০ জন আর্জেন্টাইনের মতামত নিয়ে যা উঠে এসেছে, তা একদিকে যেমন আবেগের ছবি তুলে ধরেছে, অন্যদিকে কিছু অপ্রত্যাশিত ধারণাও সামনে এনেছে।
জরিপে দেখা গেছে, ৮৮ শতাংশ আর্জেন্টাইন চান কোচ লিওনেল স্কালোনি জাতীয় দলের দায়িত্বে থেকে যান। তারা স্কালোনিকে ‘নেতা’, ‘মাস্টার’ ও ‘থেকে যান’ বলে সম্বোধন করেছেন। অধিনায়ক লিওনেল মেসির ব্যাপারেও আশা এখনও উজ্জ্বল। ৩৭ শতাংশ সমর্থক চান তিনি অন্তত আগামী কোপা আমেরিকা পর্যন্ত খেলুন, আর ৪৩.৮ শতাংশ মেসিকে ২০৩০ বিশ্বকাপেও মাঠে দেখতে চান। সমর্থকরা মেসিকে ‘জিনিয়াস’, ‘চ্যাম্পিয়ন’, ‘আইডল’ ও ‘ধন্যবাদ’ বলে শ্রদ্ধা জানিয়েছেন।
হারের কারণ নিয়ে অবশ্য দুই ধরনের মতামত স্পষ্ট হয়েছে। ৪৫ শতাংশ মানুষ সরাসরি স্বীকার করেছেন যে স্পেনের ফুটবল দক্ষতা এবার বেশি ভালো ছিল। কিন্তু প্রায় এক-তৃতীয়াংশ (৩১.৭ শতাংশ) সমর্থক মাঠের খেলার বাইরে অন্য কারণ খুঁজছেন:
১৪.৬ শতাংশ বিশ্বাস করেন, আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে দেওয়া হয়নি, এর পেছনে বড় ধরনের ষড়যন্ত্র ছিল। ৯.৬ শতাংশ মনে করেন, দেশের সরকারই চায়নি দল আবার বিশ্বকাপ জিতুক। ৯.৫ শতাংশের ধারণা, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর ফকল্যান্ড (মালভিনাস) দ্বীপপুঞ্জের পতাকা দেখানোর ঘটনা ফাইনালে নেগেটিভ প্রভাব ফেলেছে।
তবে সবকিছুর পরেও আর্জেন্টিনার মানুষ দলের প্রতি অসম্ভব সন্তুষ্ট। ৭৮.৮ শতাংশ খেলোয়াড়দের আচরণ ও মানসিকতায় ইতিবাচক মত দিয়েছেন। মাঠের পারফরম্যান্স নিয়েও ৭৪.৭ শতাংশের মূল্যায়ন ইতিবাচক। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই চ্যাম্পিয়ন হওয়ার প্রবল প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূরণ না হলেও হারের পরও দলকে ঘিরে তাদের আবেগ ও সম্মান একটুও কমেনি।