Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

ট্রফি ছাড়াই ব্যালন ডি’অর দৌড়ে লড়ছেন যারা

স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ০৮:৪৩ পিএম

গোলের বন্যা, বিশ্বকাপের গোল্ডেন বুট আর রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের প্রাণ; সবকিছুই আছে কিলিয়ান এমবাপের পায়ে। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা নেই, সেটা হলো কোনো বড় দলীয় শিরোপা। তবু এবারের ব্যালন ডি’অরের দৌড়ে তাঁর নামটি উঠে আসছে সবচেয়ে জোরালোভাবে।

ফুটবল বিশ্ব এখন একটাই প্রশ্ন করছে দলীয় ট্রফি ছাড়াই কি সত্যিই বিশ্বের সেরা ফুটবলারের স্বীকৃতি পাওয়া সম্ভব?

ইতিহাস বলছে, সম্ভব। তবে সেটা খুবই বিরল ঘটনা। এই শতাব্দীতে মাত্র দু’জন ফুটবলার এমন কীর্তি গড়তে পেরেছেন। ২০০০ সালে লুইস ফিগো এবং ২০১৩ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো। মজার ব্যাপার, দু’জনই তখন রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ছিলেন। দল বড় কোনো শিরোপা জিততে পারেনি, কিন্তু তাঁদের ব্যক্তিগত পারফরম্যান্স ছিল একেবারে অসাধারণ। ভোটাররা সেবার ট্রফির চেয়ে খেলোয়াড়ের নৈপুণ্যকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন।

এরপর থেকে আর কেউ এই কাজটা করতে পারেননি। ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে প্রায় প্রতিবারই চ্যাম্পিয়ন্স লিগ, লিগ শিরোপা কিংবা বড় আন্তর্জাতিক ট্রফি জয়ী ফুটবলাররাই এগিয়ে থেকেছেন।

কিন্তু এবারের ছবিটা একটু আলাদা। একদিকে বিশ্বকাপ জয়ী তরুণ তারকা লামিন ইয়ামাল ও অভিজ্ঞ লিওনেল মেসির মতো প্রতিদ্বন্দ্বীরা, অন্যদিকে দলীয় ট্রফি না থাকলেও মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো এমবাপে।

তাই প্রশ্নটা এখন আরও জোরালো, ভোটাররা কি এবারও দলীয় সাফল্যকে সবচেয়ে বড় মাপকাঠি ধরবেন, নাকি এমবাপের অসাধারণ ব্যক্তিগত উজ্জ্বলতাই তাঁকে প্রথম ব্যালন ডি’অর এনে দেবে?

যদি শেষ পর্যন্ত এমবাপে জয়ী হন, তাহলে তিনি হবেন এই শতকে ট্রফি ছাড়াই ব্যালন ডি’অর জেতা মাত্র তৃতীয় ফুটবলার। আর সেটা প্রমাণ করবে যে, কখনো কখনো একজন ফুটবলারের ব্যক্তিগত জাদু দলীয় শিরোপার অভাবকেও পেছনে ফেলে দিতে পারে।