Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

নাটকীয়তার পর আবারও ইতালির প্রধান কোচ হচ্ছেন মানচিনি

স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ০৭:৩৩ পিএম

ইতালিয়ান ফুটবলের সোনালি অধ্যায় ফিরিয়ে আনতে প্রস্তুত রবার্তো মানচিনি। দ্বিতীয়বারের মতো আজুর্নির প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। মঙ্গলবার (২৮ জুলাই) সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে একাধিক ইতালীয় গণমাধ্যমের খবরের পর রয়টার্সও।

ইতালির ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জিওভান্নি মালাগো ফেডারেল কাউন্সিলের বৈঠকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, ‘মানচিনিই আমাদের কোচ।’ এ ঘোষণার মধ্য দিয়ে আপাতত কোচশূন্যতার অবসান ঘটলো চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। 

৬১ বছর বয়সী মানচিনি ২০২১ সালে প্রথম মেয়াদে ইতালিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দিয়েছিলেন। সেই সময়ে ৫৮টি ম্যাচে দলের দায়িত্ব সামলান তিনি। ক্লাব পর্যায়ে ইন্টার মিলান, ফিওরেন্টিনা এবং ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে সফলতার স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে সিটির হয়ে ২০১১-১২ মৌসুমে ক্লাবটির ইতিহাসে প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের নায়ক ছিলেন তিনি।

সম্প্রতি ইতালির কোচ নিয়োগ প্রক্রিয়া বেশ জটিল হয়ে পড়েছিল। পছন্দের প্রার্থী আন্দ্রেয়া পিরলোর নিয়োগ আটকে যায় রুশ বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগে। এ নিয়ে এফআইজিসির সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি ও উপদেষ্টা লিওনার্দো সোমবার পদত্যাগ করেন। এর আগে সাবেক ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাও জাতীয় দলের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান। ফলে মানচিনির প্রত্যাবর্তনের পথ তৈরি হয়।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে বিশ্বকাপ বাছাইয়ে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় ইতালি। এ ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন কোচ জেন্নারো গাত্তুসো। তারপর থেকেই কোচের খোঁজে ছিল আজুরি শিবির।