Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

সান্তোসে অনিশ্চিত নেইমারের ভবিষ্যৎ

স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম

শৈশবের ক্লাব সান্তোসে প্রত্যাবর্তনটা রূপকথার মতো হলেও ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে। ব্রাজিলিয়ান এই তারকাকে ঘিরে ক্লাবের ভেতরের ক্রমবর্ধমান উত্তেজনা ও বিতর্কের কারণে ২০২৬ সালের ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা আর নবায়ন করা হবে না বলেই ইঙ্গিত দিয়েছে ব্রাজিলীয় সংবাদমাধ্যম গ্লোবো।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড সান্তোসে ফেরার পর থেকেই তাঁর আচরণ ও মনোভাব নিয়ে সতীর্থ, কোচিং স্টাফ এবং ক্লাব অফিশিয়ালদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। ড্রেসিংরুমে তাঁর ‘স্বার্থপর ও আত্মকেন্দ্রিক’ আচরণের কারণে প্রতিদিনের ক্লাব কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।

মে মাসে ট্রেনিং সেশনের সময় সতীর্থ রবিনহো জুনিয়রের সাথে এক উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নেইমার, যা দলের সবচেয়ে জ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলে।

তবে পরিস্থিতি আরও ঘোলাটে হয় সান্তোসের কোপা সুডামেরিকানা ক্যাম্পেইন চলাকালীন। পুরো দল যখন ভেনেজুয়েলায় একটি আন্তর্জাতিক ম্যাচের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন নেইমারকে সাও পাওলোতে একটি পোকার টুর্নামেন্টে অংশ নিতে দেখা যায়। সমর্থক ও গণমাধ্যমের তীব্র সমালোচনার মুখে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানান নেইমার। পরবর্তীতে চাপেকোয়েন্সের বিরুদ্ধে গোল করার পর 'তাস বাঁটার ভঙ্গিতে' উল্লাস করে বিতর্ককে আরও উসকে দেন তিনি।

গ্লোবো-র প্রতিবেদন অনুযায়ী, পেশাদার ফুটবলের কঠোর চাপ ও প্রতিদিনের বাঁধাধরা রুটিন নিয়ে ইতোমধ্যেই ক্লান্ত হয়ে পড়েছেন নেইমার। তিনি ফুটবলকে চিরতরে বিদায় জানানোর কথাও ভেবেছিলেন, তবে তাঁর বাবা এবং বিভিন্ন বাণিজ্যিক চুক্তির প্রতিশ্রুতি রক্ষার বাধ্যবাধকতার কারণেই এখনও মাঠের ফুটবল চালিয়ে যাচ্ছেন।

শাপেকোয়েন্সের সাথে ২-২ ড্র ম্যাচের পর ড্রেসিংরুমে দলের দুই উদীয়মান তরুণ খেলোয়াড় গ্যাব্রিয়েল বনটেম্পো এবং জোয়াও আনানিয়াসকে নেইমার মৌখিকভাবে হেনস্থা ও গালিগালাজ করেছেন বলে স্প্যানিশ ও ব্রাজিলীয় গণমাধ্যমে চাউর হয়। তবে এই অভিযোগ তীব্রভাবে অস্বীকার করেছেন নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি সমস্ত খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া’ বলে উড়িয়ে দিয়েছেন।