Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

ফাইনাল নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব প্রত্যাখ্যান আর্জেন্টিনার অ্যানালিস্টের

স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ১১:৪০ এএম

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় সম্পূর্ণ প্রাপ্য ছিল বলে জানিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের ভিডিও অ্যানালিস্ট মাতিয়াস মান্না। ফাইনাল ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া সব ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিয়ে তিনি প্রধান কোচ লিওনেল স্কালোনি এবং সহকারী কোচ রবার্তো আয়ালার পূর্ববর্তী বক্তব্যের সাথেই সুর মিলিয়েছেন।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, 'আর্বানা প্লে'-র 'ভুয়েলতা ই মিডিয়া' অনুষ্ঠানে কথা বলার সময় মান্না জানান, তিনি ফাইনাল ম্যাচটি একাধিকবার পুনর্নিরীক্ষণ করেছেন এবং সিদ্ধান্তে পৌঁছেছেন যে স্পেনই তুলনামূলকভাবে শ্রেয় দল ছিল।

তিনি বলেন, "আমি ফাইনাল ম্যাচটি আরও দুই বা তিনবার দেখেছি। ২০২২ সালেও আমার সাথে একই ঘটনা ঘটেছিল; সেবারের ফাইনালে যেমন অতিরিক্ত সময়ের খেলা দেখিনি, এবারও দেখিনি। কারণ সেখানে অনেক কিছু ঘটে যায়। অতিরিক্ত সময়টা অত্যন্ত আবেগঘন থাকে; সেখানে কৌশলগত বিষয় খুব বেশি থাকে না, যা আমি মূলত খোঁজার চেষ্টা করি। স্পেন সত্যিই অনেক বেশি এগিয়ে ছিল।"

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের খেলায় আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জয় করে লুইস দে লা ফুয়েন্তের স্পেন, যা চুরমার করে দেয় মেসির দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বপ্ন। আর এর মাধ্যমে মাত্র চার বছরের ব্যবধানে নেশনস লিগ, উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ফুটবলের সবচেয়ে বড় ট্রফি জয় করে এক অবিশ্বাস্য হ্যাট্রিক বা ‘ক্লিন সুইপ’ পূর্ণ করে স্প্যানিশরা।

এনজো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার কিছুক্ষণ পরই ম্যাচের ১০৬তম মিনিটে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের চমৎকার এক ভলিতে ফাইনালের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।

মান্না আরও যোগ করেন যে পুরো ম্যাচ জুড়েই স্পেন সেরা দল ছিল। একইসাথে স্কালোনির অধীনে আর্জেন্টিনার খেলার যে স্বকীয় ধরণ তৈরি হয়েছে, সেটিও তুলে ধরেন তিনি। তিনি বলেন, "আর্জেন্টিনা এটা করতে পারে। আর্জেন্টিনার একটি নিজস্ব খেলার ধরণ রয়েছে, ছোট ছোট পাসে তৈরি হওয়া একটি স্বতন্ত্র স্টাইল রয়েছে- যা আমি আশা করি আগামী ১৫ বছর পরও একইভাবে বজায় থাকবে। এমনকি যুব দলের ছোট ছোট ছেলেরাও এখন একইভাবে খেলছে।"

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানের অংশ হতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করে এই অ্যানালিস্ট কোচিং স্টাফ ও খেলোয়াড়দের কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, "সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা জানানোর সেরা উপায় হলো নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে কাজ করার চেষ্টা করা, আর আমার মনে হয় স্কালোনির নেতৃত্বে কোচিং স্টাফের প্রতিটি সদস্য সেটাই করেছেন। খেলোয়াড়রাও অসাধারণ একটি দল গঠন করেছে।"

ফাইনাল ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা ষড়যন্ত্রের তত্ত্ব নাকচ করে দিয়ে সমর্থকদের এই ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানান মান্না। তিনি বলেন, "হেরে গেলে হয়তো এসব কথা ওঠে বা মনে করা হয় যে পেছনে অন্য কিছু ঘটছে। বিশেষ করে আজকের সোশ্যাল মিডিয়ায় সবসময় সবকিছু ধারণ করা থাকে। কেউ কোনো কথা বললে মানুষ তা নিয়ে মনগড়া ব্যাখ্যা দিতে শুরু করে। তবে মাঠে যা ঘটেছে, তা বাস্তব। আমাদের উচিত যে দলটি সেদিন ভালো খেলেছে তাদের অভিনন্দন জানানো এবং এটি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া।"