Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ০৮:২৫ পিএম

ইংল্যান্ডের বহুল আলোচিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট 'দ্য হান্ড্রেড'-এ এবার আর বল হাতে ঝড় তোলা হচ্ছে না বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন 'কাটার মাস্টার'। বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে তাঁর ফ্র্যাঞ্চাইজি বার্মিংহাম ফিনিক্স। গত ২১ জুলাই থেকে আসরটি শুরু হয়েছে।

সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ চলাকালীন প্রথম ম্যাচে চোট পান ৩০ বছর বয়সী এই বা হাতি পেসার। সেই ম্যাচে মাত্র ৬ ওভার বোলিং করার পরেই হ্যামস্ট্রিংয়ের টানে মাঠ ছাড়েন তিনি। ইনজুরির তীব্রতার কারণে সিরিজের বাকি দুটি ওয়ানডেতেও তিনি আর মাঠে নামতে পারেননি।

পরবর্তীতে বাংলাদেশ জাতীয় দলের মেডিকেল টিম পরীক্ষা-নিরীক্ষা শেষে জানায় যে, মুস্তাফিজের সুস্থ হতে অন্তত ৪ সপ্তাহের মতো সময় লাগবে। এই ইনজুরির কারণেই পরবর্তীতে অনুষ্ঠিত হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াডেও তাঁকে রাখা সম্ভব হয়নি এবং তাঁর জায়গায় তাসকিন আহমেদকে স্থলাভিষিক্ত করা হয়।

প্রাথমিকভাবে আশা করা হয়েছিল যে, পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে আসরের শুরুর দিকের কয়েকটি ম্যাচ মিস করলেও টুর্নামেন্টের শেষভাগে মাঠে ফিরতে পারবেন মুস্তাফিজ। কিন্তু চিকিৎসকদের চূড়ান্ত পরামর্শ ও ফিটনেস পর্যালোচনার পর বার্মিংহাম ফিনিক্স জানিয়েছে, পুরো আসরেই তাঁর সেবা পাচ্ছে না দল।

চলতি বছরের মার্চে অনুষ্ঠিত নিলামে ১ লাখ পাউন্ড (প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা) ভিত্তিমূল্যে ফিজকে দলে ভিড়িয়েছিল বার্মিংহাম ফিনিক্স। তবে দলটিতে তাঁর বদলি হিসেবে এখন কাকে নেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ।