স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ১২:২৬ পিএম
মাঠের পারফরম্যান্সের বাইরে এবার আলোচনায় জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস ও শেখ মেহেদি হাসান। ভিন্ন দুই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত ও শুনানি শেষে এখন আর্থিক জরিমানার সুপারিশ করা হয়েছে, যা বোর্ডের অনুমোদন পেলেই কার্যকর হবে।
জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস ও শেখ মেহেদি হাসানের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্ত করে তাদের সঙ্গে আলাদাভাবে কথা বলেছে বিসিবি। তদন্ত শেষে দুজনের জন্যই আর্থিক জরিমানার প্রস্তাব করা হয়েছে। এখন বোর্ডের আনুষ্ঠানিক অনুমোদনের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
জিম্বাবুয়ে সিরিজ চলাকালে চোটের কারণে দেশে ফিরে আসেন লিটন দাস। পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেও, তার আগে বিসিবিকে না জানিয়ে চীন সফর করেন তিনি। বিসিবির আচরণবিধি অনুযায়ী, সিরিজ বা খেলা না থাকলেও দেশের বাইরে যেতে হলে বোর্ডের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এই নিয়ম অনুসরণ না করায় লিটনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একাদশে সুযোগ না পাওয়ার পর এক সাক্ষাৎকারে টিম ম্যানেজমেন্ট নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। তার সেই মন্তব্য ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং সেটিও বিসিবির আচরণবিধি লঙ্ঘনের আওতায় আসে।
বিষয়টি নিয়ে বিসিবির পরিচালক সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, দুই ক্রিকেটারই নিজেদের ভুল স্বীকার করেছেন। তবে আচরণবিধি ভঙ্গ করায় তাদের জরিমানা এড়ানোর সুযোগ নেই। তিনি বলেন, শৃঙ্খলার প্রশ্নে বিসিবির অবস্থান কঠোর। খেলোয়াড়, কোচ, কর্মকর্তা কিংবা পরিচালক; যেই নিয়ম ভাঙবেন, তাকেই জবাবদিহির মুখোমুখি হতে হবে।
যদিও জরিমানার নির্দিষ্ট অঙ্ক এখনো প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে, লিটন দাসের তুলনায় শেখ মেহেদি হাসানের জরিমানার পরিমাণ বেশি হতে পারে। বোর্ডের অনুমোদনের পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।