স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২৬, ১০:২৫ পিএম
লাতিন আমেরিকা থেকে ইউরোপ-আফ্রিকা ফুটবল বিশ্বকাপের ফাইনাল ভেন্যু নিয়ে এবার শুরু হয়েছে নতুন এক রাজনৈতিক-কূটনৈতিক খেলা। ২০৩০ সালের ফাইনাল কোথায় হবে, তা নির্ধারণ করবে একটি স্টেডিয়ামের নাম। স্পেন আর মরক্কো, দুই সহ-আয়োজক দেশ এখন এই একটি ম্যাচকে ঘিরে যেন আলাদা লড়াইয়ে নেমে পড়েছে।
স্পেনের ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লাউসান দৃঢ়ভাবে বলছেন, ফাইনাল হওয়া উচিত স্পেনের মাটিতে। তাঁর যুক্তি, দেশটির দীর্ঘদিনের আয়োজনের অভিজ্ঞতা আর দুটি বিশ্বমানের স্টেডিয়াম। মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু সংস্কারের পর প্রায় ৮৩ হাজার দর্শক ধারণ করতে পারবে। অন্যদিকে বার্সেলোনার ক্যাম্প ন্যু পুনর্নির্মাণের পর ধারণক্ষমতা পৌঁছাবে প্রায় এক লাখে।

অন্যদিকে মরক্কোর ফুটবল কর্তারা মনে করেন, আফ্রিকার মাটিতে দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনাল আয়োজনের সুযোগ এবার তাদের প্রাপ্য। কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান-২ স্টেডিয়ামটি শেষ হলে ধারণক্ষমতা হবে ১ লাখ ১৫ হাজার। যা হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম। নির্মাণকাজ ২০২৮ সালের শেষের দিকে শেষ হওয়ার কথা রয়েছে।
সম্প্রতি এই বিতর্কে যোগ হয়েছে আন্তর্জাতিক রাজনীতির সুতো। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মরক্কোর পক্ষে অবস্থান নিয়েছে। এছাড়া সৌদি আরব ও কাতারের কূটনৈতিক প্রভাবও মরক্কোকে সাহায্য করছে বলে শোনা যাচ্ছে। ফিফার অভ্যন্তরীণ সূত্রগুলো জানাচ্ছে, বার্নাব্যু আর হাসান-২-এর লড়াই এখন বেশ কাছাকাছি।
ভেন্যুর পাশাপাশি টুর্নামেন্টের দল সংখ্যা নিয়েও এখনো স্পষ্টতা আসেনি। বর্তমান পরিকল্পনা অনুসারে ৪৮ দলের বিশ্বকাপ হবে। তবে শতবর্ষ উদযাপন উপলক্ষে দল বাড়িয়ে ৬৪ করার প্রস্তাবও ফিফায় আলোচনায় রয়েছে।

২০৩০ বিশ্বকাপ হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী আয়োজন। মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো হলেও, প্রথম বিশ্বকাপের শতবর্ষ উদযাপনে উদ্বোধনী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। অর্থাৎ তিন মহাদেশের ছয়টি দেশে ছড়িয়ে পড়বে এই বিশ্বকাপের উন্মাদনা।
ঐতিহ্য ও অভিজ্ঞতার দিক থেকে স্পেন এগিয়ে থাকলেও, আগামী কয়েক বছরে কূটনৈতিক সমীকরণ কোন দিকে যায় তা এখনই বলা মুশকিল। সময়ই বলে দেবে ফাইনালের উত্তেজনা শুরু হবে ইউরোপের ঐতিহ্যবাহী মাঠে, নাকি আফ্রিকার নতুন বিশাল স্টেডিয়ামে ইতিহাস গড়বে।