স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২৬, ০২:২৪ পিএম
বিশ্বকাপ মানেই চার বছরের অপেক্ষা, কোটি কোটি স্বপ্ন আর এক মুহূর্তের জন্য ইতিহাস গড়ার সুযোগ। মাঠে যখন শেষ বাঁশি বাজে, তখন শুধু দলীয় ট্রফি নয়, ব্যক্তিগত সম্মানও চিরকালের জন্য খেলোয়াড়ের নামের সঙ্গে জড়িয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো বিশ্বকাপের সবচেয়ে বড় ব্যক্তিগত সম্মান কোনটি? গোল্ডেন বল, নাকি গোল্ডেন বুট?
ফিফা বিশ্বকাপে তিনটি প্রধান ব্যক্তিগত পুরস্কার দেওয়া হয় গোল্ডেন বল (সেরা খেলোয়াড়), গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা) এবং গোল্ডেন গ্লাভস (সেরা গোলরক্ষক)। এর মধ্যে গোল্ডেন বলকেই বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত সম্মান হিসেবে বিবেচনা করা হয়।
কারণ এটি শুধু গোলের সংখ্যা বা একটি নির্দিষ্ট দক্ষতার জন্য দেওয়া হয় না। পুরো টুর্নামেন্টে একজন খেলোয়াড়ের সামগ্রিক প্রভাব, দক্ষতা, নেতৃত্ব, সৃজনশীলতা, ডিফেন্সিভ অবদান এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে পারফরম্যান্স, সবকিছু বিবেচনা করে ফিফা টেকনিক্যাল স্টাডি গ্রুপ ও সাংবাদিকদের ভোটে এই পুরস্কার দেওয়া হয়।
২০২২ কাতার বিশ্বকাপে লিওনেল মেসি গোল্ডেন বল জিতেছিলেন। তিনি টুর্নামেন্টে ৭ গোল করলেও গোল্ডেন বুট জেতেননি (এমবাপে ৮ গোল করে বুট জিতেছিলেন)। কিন্তু মেসির সামগ্রিক নেতৃত্ব, পাসিং, ড্রিবলিং ও ফাইনালে অসাধারণ পারফরম্যান্স তাকে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের মুকুট দিয়েছে। ১৯৮৬ সালে দিয়াগো ম্যারাডোনা গোল্ডেন বল জিতেছিলেন। তার ‘হ্যান্ড অব গড’ ও ‘সেঞ্চুরি অব দ্য সেঞ্চুরি’ গোল আজও বিশ্বকাপ ইতিহাসের সেরা মুহূর্ত।
অন্যদিকে গোল্ডেন বুট শুধুমাত্র সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয়। এটি নিঃসন্দেহে দারুণ অর্জন, কিন্তু এটি একমাত্রিক। একজন খেলোয়াড় পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেও যদি গোল কম করে, তাহলে বুট পাবেন না। অনেক ক্ষেত্রে টিমের সাফল্যের চেয়ে ব্যক্তিগত গোলই এখানে প্রাধান্য পায়।