স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম
বিশ্বকাপকে ঘিরে ভবিষ্যদ্বাণীর গল্প নতুন কিছু নয়। তবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঁচ বছর আগে করা একটি পোস্ট ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে। কারণ, ২০২১ সালে করা সেই পোস্টে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল এবং সম্ভাব্য ফলাফল নিয়ে যে দাবি করা হয়েছিল, বাস্তবের ঘটনাপ্রবাহের সঙ্গে তার বেশ কিছু মিল পাওয়া গেছে। আর এতেই পোস্টটি আবারও ভাইরাল হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
২০২১ সালের ১২ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে লেখা হয়েছিল, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা স্পেনকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতবে। সে সময় বিষয়টি তেমন গুরুত্ব না পেলেও, এবার বিশ্বকাপের ফাইনালে সত্যিই আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হওয়ায় পুরোনো পোস্টটি নতুন করে ছড়িয়ে পড়েছে।
বিশেষ করে পোস্টটিতে সেমিফাইনাল নিয়েও একটি ইঙ্গিত ছিল। সেখানে বলা হয়েছিল, ইংল্যান্ডের বিপক্ষে জিতে আর্জেন্টিনা ফাইনালে উঠবে। শেষ পর্যন্ত বাস্তবেও ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। অন্যদিকে স্পেন সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, এই ঘটনাগুলোর সঙ্গে পাঁচ বছর আগের পোস্টের মিল থাকায় সেটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক সমর্থক এটিকে অবিশ্বাস্য ভবিষ্যদ্বাণী বলে মনে করছেন।
তবে সবাই বিষয়টিকে অলৌকিক ঘটনা হিসেবে দেখছেন না। অনেকের মতে, বড় টুর্নামেন্টের আগে কিছু অ্যাকাউন্ট বিভিন্ন সম্ভাব্য ফলাফল নিয়ে অসংখ্য পোস্ট করে রাখে। পরে যেগুলো বাস্তবের সঙ্গে মিলে যায়, শুধু সেগুলো রেখে বাকি পোস্ট মুছে ফেলা হয়। এতে দেখে মনে হয়, যেন অনেক আগে থেকেই সঠিক ভবিষ্যদ্বাণী করা হয়েছিল।
এদিকে এখন সব আলোচনা ঘুরছে মাঠের লড়াইকে কেন্দ্র করে। আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। সেই ম্যাচেই নির্ধারণ হবে, আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে কি না, নাকি ২০১০ সালের পর আবারও বিশ্বকাপের শিরোপা ঘরে তুলবে স্পেন।