Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

‘আর্জেন্টিনাকে আরেকটি বিশ্বকাপ জয়ের আগাম অভিনন্দন’

স্পোর্টস ডেস্ক

০৮ জুলাই ২০২৬, ০৪:৫৮ এএম

আটলান্টায় লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের ১৩ মিনিটের ঝড়ে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে মিশরের বিদায়টা ছিল অত্যন্ত হৃদয়বিদারক। ম্যাচ শেষে মাঠের রেফারিং নিয়ে মিশরীয় শিবিরে তীব্র ক্ষোভের আগুন জ্বলছে। তাই তো ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মোস্তাফা জিকো বলেছেন, রেফারি তাদের সঙ্গে জুলুম করেছে। 

এই হারের পর ম্যাচ শেষে রেফারি ও ফিফার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন জিকো। ম্যাচের শুরুতেই ১-০ গোলে এগিয়ে যাওয়া মিসর দ্বিতীয়ার্ধের শুরুতে পেয়েছিল আরও এক গোল। কিন্তু বিল্ড আপে ফাউলের সূত্র ধরে ভিএআরে গোলটি বাতিল হয়। মিসরের অভিযোগও এই গোল বাতিলের কারণেই। যে কারণে তাদের গোল বাতিল হয়েছে, সেই একই কারণে আর্জেন্টিনার গোল বাতিল হয়নি বলেই মনে করছেন তারা। 

আর্জেন্টিনা প্রথম দুই গোল শোধ করার পর ম্যাচ যখন সমতায় তখন যোগ করা সময়ে গোল করে দলকে এগিয়ে দেন এঞ্জো ফার্নান্দেজ। এঞ্জোর সেই গোলের বিল্ড আপেই আর্জেন্টাইন ম্যাক অ্যালিস্টার ফাউল করেছিলেন বলে অভিযোগ মিসরের। 

ম্যাচ শেষে আবেগাপ্লুত জিকো দাবি করেন, রেফারির ভুল সিদ্ধান্তই মিসরের কাছ থেকে ম্যাচটি কেড়ে নিয়েছে, ‘রেফারির পারফরম্যান্স ভালো ছিল না। তিনি পরিষ্কার জুলুম করেছেন। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের বিপক্ষে সিদ্ধান্ত দিয়ে গেছেন। তিনি চাননি আমরা জিতি।’

ম্যাচ পাতানো ছিল বলে অভিযোগ তুলে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের আগাম অভিনন্দনও জানিয়েছেন তিনি। মিসরীয় এই ফুটবলার বলেন, ‘ম্যাচটি আগেই ঠিক করে রাখা ছিল। এটা আমাদের দোষ নয়। ওই রেফারি...সবকিছু দেখে মনে হয়েছে ম্যাচের ফল আগেই নির্ধারণ করা ছিল। আমরা ২-০ গোলে এগিয়ে ছিলাম। এর পর থেকেই তিনি একের পর এক আমাদের বিপক্ষে সিদ্ধান্ত দিতে থাকেন। আর্জেন্টিনাকে আরেকটি বিশ্বকাপ জয়ের আগাম অভিনন্দন জানিয়ে রাখছি—দেখেটেখে এমনটাই মনে হচ্ছে।’