স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২৬, ১২:২৬ এএম
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী স্পেন ও পর্তুগাল। মাঠে এটা শুধু দুই ইউরোপিয়ান পরাশক্তির লড়াই নয়, শতবর্ষেরও বেশি সময় ধরে চলে আসা এক ক্ল্যাসিক দ্বৈরথ। ভৌগোলিক অবস্থান, ইতিহাস, সংস্কৃতি ও ফুটবল—সব মিলিয়ে এই ম্যাচ পরিচিত ‘আইবেরিয়ান ডার্বি’ নামে। যুক্তরাষ্ট্রের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মঙ্গলবার রাত ১টার এই ম্যাচে নজর থাকবে দুই প্রজন্মের দুই তারকা— ক্রিস্টিয়ানো রোনালদো ও লামিন ইয়ামালের দিকে। চার ম্যাচ শেষে দারুণ ছন্দে থাকা দুই দলের মধ্যে জয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।
দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরিয়ান উপদ্বীপে অবস্থিত দুই দেশ শতাব্দীর পর শতাব্দী ধরে রাজনৈতিক, সাংস্কৃতিক ও ঔপনিবেশিক প্রভাব বিস্তার নিয়ে দ্বৈরথে জড়িয়েছে। যার প্রতিফলনের দেখা মেলে ফুটবল মাঠেও।
দুই দলের প্রথম আনুষ্ঠানিক ম্যাচ অনুষ্ঠিত হয় ১৯২১ সালের ১৮ ডিসেম্বর মাদ্রিদে। সেটিই ছিল পর্তুগালের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সেই লড়াইয়ে ৩-১ গোলে জিতেছিল স্পেন। পর্তুগালকে প্রথম জয়ের জন্য অপেক্ষা করতে হয় ১৯৪৭ সাল পর্যন্ত। লিসবনে অনুষ্ঠিত সেই ম্যাচে তারা স্পেনকে ৪-১ ব্যবধানে হারায়।
এই দ্বৈরথে সবচেয়ে বড় জয় স্পেনের। ১৯৩৪ বিশ্বকাপ বাছাইপর্বে মাদ্রিদে পর্তুগালকে ৯-০ গোলে বিধ্বস্ত করেছিল তারা। বর্তমান খেলোয়াড়দের মধ্যে এই লড়াইয়ে সর্বোচ্চ চারটি গোল করেছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।
১৯২১ সালের পর থেকে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৪১ বার। এর মধ্যে স্পেন জিতেছে ১৮টি ম্যাচ, পর্তুগালের জয় মাত্র ৬টিতে। বাকি ১৭টি ম্যাচ ড্র হয়েছে।
বিশ্বকাপ, ইউরো ও উয়েফা নেশনস লিগ মিলিয়ে আনুষ্ঠানিক প্রতিযোগিতায় পর্তুগালের একমাত্র জয় এসেছে ২০০৪ সালের ইউরোতে।
মুখোমুখি লড়াইয়ে স্পেন এখন পর্যন্ত ৭৯টি গোল করেছে, আর পর্তুগালের মোট গোল ৪৭টি।
প্রতিযোগিতামূলক ম্যাচেও এগিয়ে স্পেন
বিশ্বকাপ, ইউরো ও উয়েফা নেশনস লিগ মিলিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছে ১২ বার। সেখানে স্পেনের জয় ৬টি, পর্তুগালের মাত্র ১টি, আর ড্র হয়েছে ৫টি ম্যাচ।
স্পেনের দুটি গুরুত্বপূর্ণ জয়ও এসেছে টাইব্রেকারে। একটি ২০১২ ইউরোতে, অন্যটি বিশ্বকাপ বাছাইপর্বে। তবে সাম্প্রতিক সময়ে পাল্টা জবাব দিয়েছে পর্তুগাল। সর্বশেষ ২০২৫ উয়েফা নেশনস লিগের ফাইনালে ২-২ সমতার পর টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জিতে শিরোপা জেতে তারা।
বিশ্বকাপে দুই দলের পরিসংখ্যান
বিশ্বকাপের মূলপর্ব ও বাছাই মিলিয়ে ছয়বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে স্পেন জিতেছে দুটি ম্যাচ, চারটি ড্র হয়েছে। এই প্রতিযোগিতায় এখনও স্পেনের বিপক্ষে কোনো জয় পায়নি পর্তুগাল।
মূল বিশ্বকাপে তাদের দেখা হয়েছে মাত্র দুইবার। ২০১০ বিশ্বকাপের শেষ ষোলোতে ডেভিড ভিয়ার একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতেছিল স্পেন। সেই আসরেই প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে লা রোহারা।
এরপর ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই দলের ৩-৩ গোলের রুদ্ধশ্বাস ড্র ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচ হয়ে আছে। ওই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। যোগ করা সময়ে তার দুর্দান্ত ফ্রি-কিকে সমতা ফেরায় পর্তুগাল।
সর্বশেষ লড়াই
সবশেষ ২০২৫ সালের ৮ জুন মিউনিখে উয়েফা নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। অতিরিক্ত সময় শেষে ২-২ সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৩ ব্যবধানে জিতে শিরোপা ঘরে তোলে পর্তুগাল।
আইবেরিয়ান ডার্বির স্মরণীয় কিছু ম্যাচ
১৯৩৪ বিশ্বকাপ বাছাইপর্ব: স্পেন ৯-০ পর্তুগাল। ম্যাচে পাঁচ গোল করেছিলেন ইসিদ্রো লাঙ্গারা।
ইউরো ২০০৪: স্বীকৃত প্রতিযোগিতায় স্পেনের বিপক্ষে নিজেদের একমাত্র জয় পায় পর্তুগাল।
২০১০ বিশ্বকাপ (শেষ ষোলো): ১-০ ব্যবধানে জিতে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের পথে এগিয়ে যায় স্পেন।
২০১৮ বিশ্বকাপ (গ্রুপ পর্ব): ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ৩-৩ গোলের রুদ্ধশ্বাস ড্র উপহার দেয় দুই দল।
২০২৫ উয়েফা নেশনস লিগের ফাইনাল: ২-২ সমতার পর টাইব্রেকারে জিতে শিরোপা ঘরে তোলে পর্তুগাল।
এফএ