Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

এমবাপ্পের জোড়া গোলে বিধ্বস্ত সুইডেন, শেষ ষোলোতে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক

০১ জুলাই ২০২৬, ০৪:৫৯ এএম

বিশ্ব ফুটবলের বর্তমান সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে বিধ্বস্ত ইউরোপের আরেক দেশ সুইডেন। ৩-০ গোলের ব্যবধানে তাদের হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছে গেল ফ্রান্স। 

মঙ্গলবার (৩০ জুন) দিনগত রাত তিনটায় শুরু হয় ম্যাচটি। এদিন প্রথমার্ধে কখনো অফসাইড, আবার কখনো পোস্টে লেগে ফিরে আসা- একের পর এক চেষ্টা করেও গোল পাচ্ছিল না ফ্রান্স। 

ম্যাচের ১৭ মিনিটে এমবাপ্পে প্রথম আক্রমণে যান। তার দুর্বল শট সহজেই ধরে ফেলেন সুইডিশ কিপার। তিন মিনিট পর বারকোলার শক্তিশালী শট গোলবারের ওপর দিয়ে যায়। ২১তম মিনিটে অলিসের বাড়ানো বলে মাঝমাঠ থেকে দৌড়ে গিয়ে জালে পাঠিয়ে দেন এমবাপ্পে। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। 

৩৭ মিনিটে বক্সের প্রান্ত থেকে চোখ ধাঁধানো এক গোলের খুব কাছে ছিলেন এমবাপ্পে। কিন্তু তার ওভারহেড কিক গোলপোস্টে লাগে। ফিরতি বলে শট নিতে পারেননি উসমান দেম্বেলে।

তবে ক্ষিপ্র গতির এমবাপ্পে ঠিকই গোল আদায় করে নেন। প্রথমার্ধের ৪৫ মিনিটে তিনি বক্সের বাম প্রান্তে বল পেয়ে সুইডিশ ডিফেন্ডার মার্কারকে পরাস্ত করেন বেশ কাছ থেকে দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান। সঙ্গে সঙ্গেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন মা হারিয়ে কঠিন সময় পার করা কোচ দিদিয়ের দেশমকে। দুজনে মিলে করেন গোল উদযাপন। 

প্রথমার্ধ শেষে ফ্রান্স ১-০ গোলে এগিয়ে থাকে। এ সময় সুইডেন কয়েকটি সুযোগ পেলেও ফরাসি গোলকিপার মাইক মাইগনানের সত্যিকারের পরীক্ষা নিতে পারেনি।

বিরতির পরও মাঠে ফিরে আক্রমণ অব্যাহত রাখে ফ্রান্স। ৫৩ মিনিটে বারকোলা গোলদাতার খাতায় নাম লেখেন। এবারও গোল বানিয়ে দেন অলিস। তারই অ্যাসিস্টে ৭৪ মিনিটে এমবাপ্পে নিজের জোড়া গোলের দেখা পান। প্রথম গোলের মতো এবারও বক্সের একই প্রান্ত থেকে জালে বল আছড়ে ফেলেন রিয়াল মাদ্রিদ তারকা। 

এই জোড়া গোলের সুবাধে চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোল সংখ্যা হয়ে গেল ছয়টি এবং সব মিলিয়ে বিশ্বকাপের ১৭তম গোল।

এদিন ৯০ মিনিটের খেলা শেষে ৩-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। শেষ ষোলোতে সোমবার (২৯ জুন) রাতের ম্যাচে শক্তিশালী জার্মানিকে বিদায় করে চমক দেখানো প্যারাগুয়ের মুখোমুখি হবেন এমবাপ্পে-দেম্বেলেরা। 

এএইচ