Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ, ছিটকে গেলেন তারকা ফুটবলার

স্পোর্টস ডেস্ক

০১ জুলাই ২০২৬, ১২:২৭ এএম

জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। সেই আনন্দের রেশ না কাটতেই সেলেসাও শিবিরে নেমে এলো বড় দুশ্চিন্তার ছায়া। নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে দল থেকে ছিটকে গেছেন মাঝমাঠের অন্যতম প্রধান ভরসা লুকাস পাকেতা।

উরুর চোটে পড়ে নকআউট পর্বের শুরুর ম্যাচে এই ব্রাজিলিয়ানের খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা হেক্সা মিশনের সামনে থাকা লাতিন আমেরিকার দলটির জন্য এক বিশাল ধাক্কা।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনুষ্ঠানিকভাবে পাকেতার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া দেশটির শীর্ষ সারির গণমাধ্যম ‘গ্লোবো’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, আপাতত মাঠের বাইরেই থাকতে হচ্ছে এই মিডফিল্ডারকে।

এক বিবৃতিতে সিবিএফ জানায়, ‘লুকাস পাকেতার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তার বাম ঊরুর পেছনের পেশিতে (হ্যামস্ট্রিং) চোট ধরা পড়েছে। বর্তমানে তিনি জাতীয় দলের চিকিৎসক দলের অধীনে নিবিড় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। আমাদের মূল লক্ষ্য, তাকে যত দ্রুত সম্ভব মাঠে ফিরিয়ে আনা।’

জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচ চলাকালীনই চোটের কবলে পড়েন পাকেতা। প্রথমার্ধের শেষের দিকে তাকে মাঠে কিছুটা খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। বিরতির সময় বেশ কষ্ট নিয়েই মাঠ ছাড়েন তিনি। ব্যথার তীব্রতা বেশি থাকায় দ্বিতীয়ার্ধে আর মাঠে নামা হয়নি তার। ডাগআউটে সতীর্থরা যখন তাকে সান্ত্বনা দিচ্ছিলেন, তখনই শঙ্কাটা জেগেছিল। পরে তার পরিবর্তে মাঠে নামানো হয় তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে।

চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচেই কোচের শুরুর একাদশের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন পাকেতা। নকআউটের টিকিট পেলেও দলের এই নির্ভরযোগ্য তারকার চোট কপালে ভাজ ফেলেছে ব্রাজিলিয়ান ভক্তদের। বিশেষ করে দলের আরেক তারকা ফরোয়ার্ড রাফিনিয়া আগে থেকেই ইনজুরিতে থাকায় পাকেতার এই নতুন চোট ব্রাজিলের আক্রমণ ও মাঝমাঠের ভারসাম্যকে বেশ সংকটে ফেলে দিল।

উল্লেখ্য, আগামী রোববার (বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়) সেলেসাওরা মাঠে নামবে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটার মিশনে।