স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২৬, ০৭:৪৯ পিএম
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর গ্রুপ পর্বের পর্দা নেমেছে এবং আজ থেকেই শুরু হচ্ছে নকআউট পর্বের আসল মহাযুদ্ধ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ ৩২ (রাউন্ড অব ৩২)-এ পা রেখেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নকআউট পর্বের এই বাঁচা-মরার লড়াইয়ে আগামী ২৯ জুন সোমবার (বাংলাদেশ সময় রাত ১১:০০ টায়) এশিয়ার পরাশক্তি জাপানের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। প্রিয় দলের এমন দুর্দান্ত ফর্মে এবং শেষ ৩২-এর হাইভোল্টেজ ম্যাচের আগে বাঁধভাঙা উল্লাসে ভাসছেন বাংলাদেশের ব্রাজিল সমর্থকরা।
বাঙালি সমর্থকদের এই আকাশছোঁয়া খুশিতে নতুন মাত্রা যোগ করেছে স্বয়ং ব্রাজিল ফুটবল ফেডারেশনের অফিশিয়াল ফেসবুক পেজ। স্কটল্যান্ডকে হারানোর পর বিশ্বজুড়ে সমর্থকদের বিজয় উদযাপনের বিশেষ কিছু ভিডিও প্রকাশ করেছে তারা, যেখানে রিও ডি জেনেইরোর মতো শহরের পাশে সগর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস।
এই আন্তর্জাতিক স্বীকৃতিতে দেশের সেলেসাও ভক্তদের আনন্দ এখন রূপ নিয়েছে দ্বিগুণ উদযাপনে। শনিবার (২৭ জুন) ব্রাজিল ফুটবল ফেডারেশনের অফিশিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে স্কটল্যান্ড বধের বিজয় উদযাপনের মোট ৬টি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে ব্রাজিলের নিজস্ব তিনটি শহর রিও ডি জেনেইরো, রেসিফে ও বেলো হরিজন্তে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং ভারতের কেরালার সমর্থকদের পাশাপাশি সগর্বে স্থান পেয়েছে বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাসের দৃশ্য।
গত ২৫ জুন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে যখন ভিনিসিয়ুস জুনিয়ররা স্কটল্যান্ডের রক্ষণভাগ চূর্ণ করছিলেন, ঠিক তখন মধ্যরাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে খেলা উপভোগ করতে জড়ো হয়েছিলেন হাজারো শিক্ষার্থী ও ফুটবলপ্রেমী। ব্রাজিলের গোল হতেই পুরো মিলনায়তন যেন এক টুকরো মারাকানা স্টেডিয়ামে পরিণত হয়। হলুদ জার্সি, সেলেসাওদের পতাকা আর সমস্বরে চিৎকার- মুহূর্তের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের নজর কাড়ে।
এর আগে ড্যাফোডিলের ফুটবল উন্মাদনা নজর কাড়ে ব্রাজিল তারকা নেইমার জুনিয়রের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি একটি ভিডিওতে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানান তিনি। পরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও ড্যাফোডিলের ব্রাজিল সমর্থকদের একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন এবং লেখেন, "আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আমাদের এই সুন্দর খেলাটি আমাদের সবাইকে এক সুতোয় বেঁধে দেয়। ফুটবল বিশ্বকে ঐক্যবদ্ধ করে।"
নেইমারের প্রতিক্রিয়া এবং ফিফা সভাপতির পোস্টের পর এবার ব্রাজিল ফুটবল ফেডারেশনের অফিসিয়াল প্ল্যাটফর্মেও স্থান পাওয়ায় ড্যাফোডিলের শিক্ষার্থীদের উচ্ছ্বাস যেন নতুন এক উচ্চতায় পৌঁছেছে। একই ফ্রেমে ব্রাজিলের নিজস্ব শহরগুলোর সমর্থকদের পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীদের উদযাপনের দৃশ্য স্থান পাওয়া বিশ্ব ফুটবলের মানচিত্রে দেশের ফুটবলপ্রেমীদের আবেগ ও ভালোবাসার একটি অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন অনেকে।