Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

২৪ বছর পর যে কীর্তিতে কিংবদন্তিদের তালিকায় ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক

২৫ জুন ২০২৬, ০৮:০০ এএম

বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচেই দাপট দেখিয়ে ফুটবলের মহাতারকাদের তালিকায় নিজের নাম লিখিয়ে নিলেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোলসহ এবারের গ্রুপ পর্বে মোট ৪ গোল করে ভিনি এখন সেলেসাওদের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। তার এই অসাধারণ পারফরম্যান্স কেবল ব্রাজিলিয়ানদের আশাবাদী করছে না, বরং মনে করিয়ে দিচ্ছে ১৯৭০, ২০০২ ও ২০১৪ সালের সেই রোমাঞ্চকর সব স্মৃতি।

গ্রুপ পর্বের তিন ম্যাচে ৪ গোল করার অনন্য এই কীর্তি এর আগে করতে পেরেছিলেন মাত্র তিনজন ব্রাজিলিয়ান। জাইরজিনহো (১৯৭০), রোনালদো নাজারিও (২০০২) এবং নেইমার জুনিয়র (২০১৪)। 

ভিনিসিয়ুস এখন চতুর্থ ফুটবলার হিসেবে সেই এলিট ক্লাবে যোগ দিলেন। জাইরজিনহো যেমন ১৯৭০ সালে পুরো টুর্নামেন্টে ৭ গোল করে ব্রাজিলকে শিরোপা জিতিয়েছিলেন, কিংবা রোনালদো ২০০২ সালে ৮ গোল করে 'গোল্ডেন বুট' জিতে হেক্সা মিশনের পথ প্রশস্ত করেছিলেন। ভিনিসিয়ুসের বর্তমান ছন্দ সেই ইতিহাসকেই যেন নতুন করে জাগিয়ে তুলছে।

পরিসংখ্যান অনুযায়ী, জাইরজিনহো এবং রোনালদো গ্রুপ পর্বের এই ছন্দ নকআউট পর্বেও ধরে রেখেছিলেন। তবে ২০১৪ সালে নেইমার গ্রুপ পর্বে দুর্দান্ত খেললেও নকআউট পর্বে সেই ফর্ম ধরে রাখতে পারেননি। 

তাই ভিনিসিয়ুসের সামনে এখন বড় চ্যালেঞ্জ, পূর্বসূরিদের সেই ছন্দ বজায় রাখা। বর্তমান বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণভাগের মূল ভরসা ভিনি যেভাবে বিধ্বংসী ফর্মে আছেন, তাতে তিনি কি নকআউটে কিংবদন্তিদের রেকর্ড ভেঙে নতুন কোনো ইতিহাস গড়বেন? সেই প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষায় এখন গোটা ফুটবল বিশ্ব।