Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

জোড়া গোলে রাজসিক প্রত্যাবর্তন রোনালদোর, ৩-০ তে এগিয়ে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক

২৪ জুন ২০২৬, ১২:২২ এএম

মাঠের বাইরে তাকে নিয়ে যত সমালোচনাই হোক না কেন, ক্রিশ্চিয়ানো রোনালদো সবসময়ই তার জবাব দিতে পছন্দ করেন পায়ের জাদুতে। টানা দশটি আন্তর্জাতিক (ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে) ম্যাচ গোলহীন থাকার পর যখন চারপাশ থেকে নানা প্রশ্ন উঠছিল, তখনই মঞ্চে ফিরলেন ৪১ বছর বয়সী এই চিরতরুণ ফুটবলার। আজ হিউস্টন স্টেডিয়ামে উজবেকিস্তানের বিপক্ষে শুধু জোড়া গোলই করলেন না, চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলে ফুটবল ইতিহাসের পাতায় এমন এক কীর্তি গড়লেন, যা এর আগে আর কোনো মানুষ করে দেখাতে পারেনি। 

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার মহাকাব্যিক রেকর্ড এখন সিআরসেভেনের দখলে। রোনালদোর জোড়া গোল এবং নুনো মেন্দেসের দুর্দান্ত ফ্রি-কিকের ওপর ভর করে ম্যাচের প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।

ম্যাচের শুরু থেকেই উজবেকিস্তানের রক্ষণে কাঁপন ধরায় রবার্তো মার্তিনেসের শিষ্যরা। মাত্র ২ মিনিটেই ব্রুনো ফার্নান্দেজের শট ডিফেন্ডারের গায়ে লেগে কর্নার হলে রক্ষা পায় উজবেকিস্তান। ৪ মিনিটের মাথায় নুনো মেন্দেসের দারুণ এক ক্রস মিস করলেও, গোলখরা কাটাতে রোনালদো সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট। জোয়াও কানসেলোর নিখুঁত এক ক্রস থেকে বুলেট গতির এক শটে বল জালে জড়ান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। 

সেই শটের গতিতেই যেন মিশে ছিল সব সমালোচনার কড়া জবাব। গোল করার পর স্বভাবসুলভ ‘সিউ’ উদযাপনের সাথে তার শরীরী ভাষাই বলে দিচ্ছিল—রাজা এখনো ফুরিয়ে যাননি। এই গোলের মাধ্যমে তিনি পর্তুগালের কিংবদন্তি ইউসেবিওর বিশ্বকাপে করা ৯ গোলের রেকর্ড স্পর্শ করেন।

পর্তুগিজদের উদযাপনের রেশ কাটতে না কাটতেই ম্যাচের ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নুনো মেন্দেস। বক্সের বেশ কিছুটা বাইরে থেকে নেওয়া তার দুর্দান্ত ফ্রি-কিকটি ঠেকানোর কোনো সাধ্যই ছিল না উজবেক গোলরক্ষক আব্দুভোহিদ নেমাতভের। দুই গোলে পিছিয়ে পড়ে ২৯ মিনিটে অবশ্য একটি গোল শোধ করেছিলেন উজবেকিস্তানের আজিজ ঘানিভ। 

তবে ২০ গজ দূর থেকে নেওয়া সেই গোলটি করার আগে তাদের এক খেলোয়াড় কানসেলোকে ফাউল করায়, ভিএআর  প্রযুক্তির সাহায্যে রেফারি গোলটি বাতিল করে দেন।

খেলার ৩৯ মিনিটে নিজের জাত আরেকবার চেনান সিআরসেভেন। এবার ব্রুনো ফার্নান্দেজের নিখুঁত পাস থেকে দারুণ এক ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি উদযাপনে মাতেন তিনি। এই গোলের সাথে সাথেই বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ ১০ গোলের মালিক বনে যান ৪১ বছর বয়সী এই স্ট্রাইকার, ছাড়িয়ে যান ইউসেবিওকে। 

প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দিয়ে চিপ করতে গিয়েও অল্পের জন্য হ্যাটট্রিক মিস করেন রোনালদো। তবে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানের বড় লিড নিয়ে বেশ ফুরফুরে মেজাজেই বিরতিতে যায় পর্তুগিজরা।