স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২৬, ০৭:২৩ এএম
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে পারফর্ম্যান্সে হতাশ করেছিলেন ব্রাজিলের ফুটবলাররা। সেই একাদশ থেকে দুই পরিবর্তন নিয়ে আজ হাইতির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে সেলেসাওরা। ইগর থিয়াগোর বদলে আজ খেলছেন মাথেউস কুনিয়া। সেই কুনিয়ার পা থেকেই হাইতির বিপক্ষে প্রথমার্ধে দুই গোলের দেখা পেয়েছে কার্লো আনচেলত্তির দল, এছাড়া অতরিক্ত সময়ের তৃতীয় মিনিটে জালের দেখা পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়রও। প্রথমার্ধ শেষে তাই ৩-০ গোলে এগিয়ে আছে তারা।
ম্যাচের ১২ মিনিটেই প্রথম গোলের দেখা পেয়েছিল ব্রাজিল। মাঝমাঠ থেকে পাওয়া পাসে দারুণ এক দৌড়ে জালের দেখা পেয়েছিলেন রাফিনিয়া। তবে অফ-সাইডের কারণে তা বাতিল হয়। এদিকে রাফিনিয়া ২১ মিনিটের মাথায় দলকে ফের এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন। তবে গোলরক্ষককে পরাস্ত করে বল জালের লক্ষ্যে এগিয়ে দিলেও তা লক্ষ্যে রাখতে পারেননি।
এদিকে রাফিনিয়া মিস করলেও প্রথম গোলের দেখা পেতে ব্রাজিলকে খুব একটা অপেক্ষা করতে হয়নি।

২৩ মিনিটের মাথায় ডি বক্সের সামনে বল পেয়ে দারুণ ড্রিবলিং করে বল নিয়ে ভিতরে ঢুকেন ভিনিসিয়ুস। শটও নিয়েছিলেন তিনি, তবে তা ফিরিয়ে দেন হাইতির গোলরক্ষক, কিন্তু হাতে রাখতে পারেননি, তখনই বল পেয়ে ফিরতি শটে গোল করেন কুনিয়া।
১ গোলের লিড নেওয়ার পর ব্যবধান বাড়ানোর চেষ্টায় ঝাঁপিয়ে পড়ে ব্রাজিল। সেলেসাওরা বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌছেও গিয়েছিল। তবে শেষ পর্যন্ত সেসব সফল হয়নি। ৩২ মিনিটে ভিনিও বক্সের ভেতরে গোলের প্রচেষ্টা নিয়েছিলেন, সেটিও ব্যর্থ হয়।

তবে ৩৬ মিনিটেই ব্যবধান বাড়াতে সক্ষম হয় ব্রাজিল। মাঝমাঠে বল পেয়ে দারুণ এক দৌড়ে হাইতির ডি বক্সের সামনে পৌঁছে যান ভিনি, দারুণ এক পাসে বল এগিয়ে দেন কুনিয়াকে। সেখান থেকে দুর্দান্ত এক শটে দ্বিতীয়বারের মত জালের দেখা পান কুনিয়া, ব্রাজিল এগিয়ে যায় ২-০ গোলে।
এদিকে ২ গোলে এগয়ে গেলেও ব্রাজিল কিছুটা দুঃসংবাদ পেয়েছে রাফিনিয়াকে নিয়ে। ৪০ মিনিটে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়তে হয় তাকে। রাফিনিয়াকে তুলে নিয়ে প্রথমার্ধেই রায়ানকে নামান আনচেলত্তি। এদিকে প্রথমার্ধের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ব্রাজিলকে আবার আনন্দে ভাসান ভিনি। এবার মাঝমাঠ থেকে বল এগিয়ে দেন লুকাস পাকেতা।
পাকেতার এগিয়ে দেওয়া বল পেয়ে গোলের লক্ষ্যে ছুটেন ভিনি, দারুণ এক শটে গোলরক্ষককে পরাস্ত করে জালের ঠিকানা খুঁজে নেন তরুণ এই তারকা। বিশ্বকাপে এটি তাঁর দ্বিতীয় গোল। কুনিয়ার জড়া গোলের পর ভিনিও জালের দেখা পাওয়ায় প্রথমার্ধ শেষে ৩-০ গোলে এগিয়ে সেলেসাওরা।