images

স্পোর্টস / ফুটবল

হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে পরিবর্তনের ইঙ্গিত আনচেলত্তির

স্পোর্টস ডেস্ক

১৯ জুন ২০২৬, ১২:২৭ পিএম

বিশ্বকাপের প্রথম ম্যাচেই মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে হোঁচট খেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে এই অপ্রত্যাশিত শুরুর পরও কোনো রকম তাড়াহুড়ো বা আতঙ্কের মধ্যে নেই সেলেসাওদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। আগামীকাল সকালে ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল। আনচেলত্তির মতে, প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে চেনা ছন্দে ফেরার জন্য এই ম্যাচটি দলের সামনে এক বড় সুযোগ।

মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ইসমাইল সাইবারির গোলে প্রথমে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। পরে ভিনিসিয়ুস জুনিয়রের এক জাদুকরি মুহূর্তে হার এড়ায় তারা। আগামীকাল টুর্নামেন্টের অন্যতম আন্ডারডগ হাইতির বিপক্ষে মাঠে নামার আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি নিজের দলের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।

ফিলাডেলফিয়ায় সাংবাদিকদের এই ইতালিয়ান কোচ বলেন, ‘প্রথম ম্যাচ খেলেই কেউ বিশ্বকাপ জিতে যায় না। মরক্কো ম্যাচের পর খেলোয়াড়দের নিজেদের মধ্যকার আত্মসমালোচনা অত্যন্ত ইতিবাচক ছিল। আমি বিশ্বাস করি আমরা সমস্যাগুলো সমাধান করতে পারব। আমাদের দল যে বিশ্বমঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পুরোপুরি প্রস্তুত, তা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই।’

এক বছরের কিছু বেশি সময় আগে ব্রাজিলের দায়িত্ব নেওয়া এই হাইপ্রোফাইল কোচ হাইতি ম্যাচের একাদশ নিয়ে পরিষ্কার কিছু না বললেও আভাস দিয়েছেন যে, দলে পাইকারি হারে পরিবর্তন না এনে মূলত কিছু কৌশলগত সমন্বয় করা হবে। আনচেলত্তি বলেন, “আমরা একাদশে কিছু ছোটখাটো পরিবর্তন আনব... মূলত আমাদের খেলার ধরণ এবং মাঠের ভারসাম্য উন্নত করাই এর লক্ষ্য। আমরা এর চেয়ে অনেক ভালো খেলতে পারি এবং আমাদের তা করতেই হবে।”

প্রথম ম্যাচে দলের ছন্দহীনতার পেছনে ব্রাজিলের বিখ্যাত ‘হলুদ জার্সি’ পরার মানসিক চাপ একটা বড় কারণ হতে পারে বলে মনে করেন কোচ। আনচেলত্তির মতে, “প্রথম ম্যাচের প্রথমার্ধটা আমাদের প্রত্যাশামতো হয়নি। উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের এই ঐতিহ্যবাহী জার্সি পরে মাঠে নামার বাড়তি চাপ হয়তো খেলোয়াড়দের মানসিকতায় কিছুটা প্রভাব ফেলেছিল। তবে প্রথম ম্যাচে যারা খারাপ করেছে, তাদের আমি আরও সুযোগ দিতে চাই। মরক্কোর বিপক্ষে কেউ আমাদের সেরা ফুটবলটা খেলতে পারেনি, কিন্তু প্রথম ম্যাচ দিয়েই বিশ্বকাপের চূড়ান্ত ভাগ্য নির্ধারিত হয়ে যায় না।”

দলের নির্দিষ্ট কোনো ‘ট্যাকটিক্যাল আইডেন্টিটি’ বা খেলার সুনির্দিষ্ট ধরন নেই, সমর্থকদের এমন উদ্বেগের জবাবে আনচেলত্তি বেশ চতুর উত্তর দেন। তিনি জানান, দলে নমনীয়তা বা পরিস্থিতি অনুযায়ী খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাই তাঁর মূল কৌশল। “আমি দলের কেবল একটি নির্দিষ্ট পরিচয় বা খেলার ধরন দেখতে চাই না। আমি চাই আমার দল যেন মাঠে একাধিক কৌশলে খেলতে অভ্যস্ত হয়।”