স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২৬, ০৯:৪১ এএম
নিজেদের ফুটবল ইতিহাসে এক সোনালী অধ্যায় রচনা করল কানাডা। বৃহস্পতিবার দিবাগত রাতে ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘বি’-এর ম্যাচে ৯ জনের কাতারকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে তারা। বিশ্বকাপের মঞ্চে এটিই কানাডার ইতিহাসে প্রথম জয়। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে কানাডিয়ান প্রধানমন্ত্রী মার্ক কার্নির উপস্থিতিতে ইতিহাস গড়ার এই রাতে হ্যাটট্রিক করেছেন তারকা স্ট্রাইকার জোনাথন ডেভিড।
তবে এই ঐতিহাসিক ও উৎসবমুখর জয়ের রাতে কানাডা শিবিরে বড় ধাক্কা হয়ে এসেছে মিডফিল্ডার ইসমায়েল কোনের এক ভয়াবহ ইনজুরি।
ম্যাচের শুরু থেকেই এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের ওপর চড়াও হয়ে খেলে কানাডা। ১৬ মিনিটে সাইল লারিনের গোলে লিড নেওয়ার পর প্রথমার্ধেই জোনাথন ডেভিডের জোড়া গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ‘লেস রুজেস’রা। প্রথমার্ধেই কাতারের হোমহাম আল-আমিন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বড় বিপদে পড়ে মরুভূমির দেশটি।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে ঘটে সেই মর্মান্তিক ঘটনা। কাতারের আসিম মাদিবো পেছন থেকে কানাডার মিডফিল্ডার ইসমায়েল কোনেকে একটি মারাত্মক ট্যাকল করেন। চোট এতটাই গুরুতর ছিল যে কোনে বাঁ পা চেপে ধরে মাঠে যন্ত্রণায় ছটফট করতে থাকেন এবং সতীর্থরা ইশারায় দ্রুত মেডিকেল স্টাফদের মাঠে ডাকেন। দীর্ঘক্ষণ চিকিৎসার পর কোনেকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়, সে সময় তাকে অক্সিজেন পাইপ দিয়ে শ্বাস নিতে দেখা যায়।
ভিএআর রিভিউয়ের পর রেফারি মাদিবোকে সরাসরি লাল কার্ড দেখালে ৯ জনের দলে পরিণত হয় কাতার। এই সুযোগ পুরোপুরি কাজে লাগায় স্বাগতিক কানাডা। কোনের বদলি হিসেবে নামা নাথান সালিবা ৬৪ মিনিটে এক চমৎকার ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান ৪-০ করেন। গোল উদযাপনের সময় সালিবা সাইডলাইনে গিয়ে ইনজুরিতে পড়া সতীর্থ কোনের জার্সি উঁচিয়ে ধরে তা উৎসর্গ করেন।
ম্যাচের শেষ দিকে বদলি খেলোয়াড় জ্যাকব শাফেলবার্গের একটি জোরালো শট কাতারের ডিফেন্ডার মোহাম্মদ মানাইয়ের গায়ে লেগে আত্মঘাতী গোল হলে ব্যবধান দাঁড়ায় ৫-০। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে (৯২ মিনিটে) নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি কাতারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জোনাথন ডেভিড।
এই বিশাল জয়ের পর গ্রুপ ‘বি’-এর টেবিলের সুবিধাজনক অবস্থানে রয়েছে কানাডা। পরবর্তী ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাত্র একটি ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রাখবে তারা।