স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৬, ০৮:৫৬ পিএম
ফুটবল শুধু প্রতিযোগিতার নাম নয়, এটি ঐক্য ও পারস্পরিক সম্মানেরও প্রতীক। সেই বার্তাকে আরও জোরালো করতে বিশ্বকাপের চারটি ম্যাচে অংশ নেওয়া আটটি দল আন্তর্জাতিক ‘হেট স্পিচ প্রতিরোধ দিবস’ উপলক্ষে বিশেষ সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিচ্ছে।
বিশ্বকাপের বৃহস্পতিবারের চারটি ম্যাচকে ঘিরে ঘৃণামূলক বক্তব্যের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে ফিফা। এদিন চেকিয়া-দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো-দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড-বসনিয়া ও হার্জেগোভিনা এবং কানাডা-কাতার ম্যাচে অংশ নেওয়া দলগুলোর অধিনায়করা ম্যাচ শুরুর আগে বিশেষ বার্তাসংবলিত স্মারক পেন্যান্ট বিনিময় করবেন।

পেন্যান্টে লেখা থাকবে, “We Play Together. We Stand Against Hate” (“আমরা একসঙ্গে খেলি, ঘৃণার বিরুদ্ধে একসঙ্গে দাঁড়াই।”)। এক পাশে থাকবে ইংরেজি ভাষার বার্তা, অন্য পাশে সংশ্লিষ্ট দলের নিজস্ব ভাষায় একই বক্তব্য তুলে ধরা হবে।
ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২২ কাতার বিশ্বকাপের আগে চালু হওয়া সামাজিক যোগাযোগমাধ্যম সুরক্ষা কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ৩ কোটিরও বেশি আপত্তিকর, বিদ্বেষমূলক ও অপমানজনক পোস্ট এবং মন্তব্য সরিয়ে ফেলা হয়েছে।
এবারের বিশ্বকাপ শুরুর কয়েক দিনের মধ্যেই প্রায় ৪ লাখ নেতিবাচক ও আপত্তিকর পোস্ট মুছে ফেলা হয়েছে, যা ২০২২ সালের পুরো আসরে অপসারণ করা কনটেন্টের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
এছাড়া বৃহস্পতিবারের ম্যাচগুলোতে স্টেডিয়ামের ভেতর ও বাইরে আরও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ঘৃণাবিরোধী বার্তা দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হবে। ফিফার আশা, ফুটবলের বৈশ্বিক মঞ্চ থেকে ছড়িয়ে পড়া এই উদ্যোগ অনলাইন ও অফলাইন, দুই ক্ষেত্রেই ইতিবাচক আচরণ গড়ে তুলতে সহায়তা করবে।