images

স্পোর্টস / ফুটবল

প্রথম রাউন্ড শেষে বিশ্বকাপে পয়েন্ট টেবিলে কারা এগিয়ে, দেখে নিন

স্পোর্টস ডেস্ক

১৮ জুন ২০২৬, ০৯:৫০ পিএম

বিশ্বকাপের মঞ্চে মাত্র একটি করে ম্যাচ শেষ হয়েছে, অথচ এরই মধ্যে তৈরি হয়ে গেছে অসংখ্য গল্প। কোথাও পরাশক্তিদের শক্তির প্রদর্শন, কোথাও অপ্রত্যাশিত প্রতিরোধ, আবার কোথাও সমীকরণ জটিল করে দিয়েছে ড্রয়ের ফল। ৪৮ দলের এই নতুন ফরম্যাটের বিশ্বকাপে গ্রুপপর্বের প্রথম রাউন্ড শেষ হওয়ার পর এখন শুরু হয়েছে হিসাব-নিকাশের নতুন অধ্যায়। প্রথম ম্যাচে জয় পাওয়া দলগুলো যেমন শেষ বত্রিশের পথে বড় পদক্ষেপ নিয়েছে, তেমনি পয়েন্ট হারানো দলগুলোর সামনে অপেক্ষা করছে বাড়তি চাপের পরীক্ষা।

উজবেকিস্তান ও কলম্বিয়ার ম্যাচ দিয়ে শেষ হয়েছে গ্রুপপর্বের প্রথম রাউন্ড। অংশ নেওয়া ৪৮টি দলই একটি করে ম্যাচ খেলেছে। এখন প্রতিটি দলের সামনে রয়েছে আরও দুটি করে ম্যাচ, যা নির্ধারণ করবে কারা জায়গা করে নেবে নকআউট পর্বে।

বিশ্বকাপের গ্রুপ ভিত্তিক সর্বশেষ পয়েন্ট তালিকা বিস্তারিত তুলে ধরা হলো:

এ থেকে ডি গ্রুপ

‘এ’ গ্রুপে স্বাগতিক মেক্সিকো দারুণ সূচনা করেছে। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে তারা শীর্ষস্থান দখল করেছে। একই গ্রুপে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে সমান তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।

‘বি’ গ্রুপে দুই ম্যাচই ড্র হওয়ায় চার দলেরই পয়েন্ট সমান। সুইজারল্যান্ড-কাতার এবং কানাডা-বসনিয়া ম্যাচ দুটি ১-১ গোলে শেষ হয়। ফেয়ার প্লে সূচকে এগিয়ে থাকায় সুইজারল্যান্ড শীর্ষে এবং কানাডা দ্বিতীয় স্থানে রয়েছে।

‘সি’ গ্রুপে হাইতির বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে স্কটল্যান্ড। অন্য ম্যাচে মরক্কো ও ব্রাজিল ১-১ গোলে ড্র করায় ফেয়ার প্লে বিবেচনায় মরক্কো দ্বিতীয় এবং ব্রাজিল তৃতীয় স্থানে আছে।

‘ডি’ গ্রুপে সবচেয়ে বড় বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে তারা শীর্ষে রয়েছে। তুরস্ককে ২-০ গোলে হারিয়ে সমান তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া।

fifa_point_table
প্রথম রাউন্ড শেষে বিশ্বকাপে পয়েন্ট টেবিলে কারা এগিয়ে

ই থেকে এইচ গ্রুপ

‘ই’ গ্রুপে কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে গোল পার্থক্যে সবার ওপরে উঠে এসেছে জার্মানি। একই গ্রুপে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আইভরি কোস্ট।

‘এফ’ গ্রুপে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে সুইডেন। জাপান ও নেদারল্যান্ডসের ২-২ গোলের ড্র ম্যাচের পর ফেয়ার প্লে সূচকে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান।

‘জি’ গ্রুপে দুই ম্যাচেই হয়েছে গোলবন্যা। নিউজিল্যান্ড-বেলজিয়াম এবং ইরান-মিসর ম্যাচ দুটি ২-২ গোলে শেষ হয়েছে। ফলে চার দলই এক পয়েন্ট পেয়েছে। ফেয়ার প্লে সূচকে এগিয়ে থেকে শীর্ষে নিউজিল্যান্ড এবং দ্বিতীয় স্থানে ইরান।

‘এইচ’ গ্রুপে বড় চমক দেখিয়েছে কেপ ভার্দে। ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে তারা। অন্য ম্যাচে উরুগুয়ে ও সৌদি আরব ১-১ গোলে ড্র করায় গোলসংখ্যার বিবেচনায় উরুগুয়ে শীর্ষে এবং সৌদি আরব দ্বিতীয় স্থানে রয়েছে।

আই থেকে এল গ্রুপ

‘আই’ গ্রুপে ইরাককে ৪-১ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে রয়েছে নরওয়ে। সেনেগালের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়ে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স।

‘জে’ গ্রুপে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে প্রত্যাশামতোই শক্ত অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। একই ব্যবধানে না হলেও জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রিয়া।

‘কে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে কলম্বিয়া। উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে তারা গ্রুপের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে কঙ্গো ও পর্তুগালের ম্যাচ ১-১ গোলে শেষ হওয়ায় ফেয়ার প্লে সূচকে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে কঙ্গো।

‘এল’ গ্রুপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ে শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ড। পানামাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঘানা।

বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষ হলেও সমীকরণ এখনও পুরোপুরি খোলা। নতুন ফরম্যাটের এই আসরে প্রতিটি গ্রুপে শেষ বত্রিশে ওঠার লড়াই আরও জমে উঠবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে। প্রথম ম্যাচে জয় পাওয়া দলগুলো কিছুটা এগিয়ে থাকলেও এখনই কাউকে নিরাপদ বলা যাচ্ছে না। কারণ বিশ্বকাপের ইতিহাস বারবার প্রমাণ করেছে, সবচেয়ে বড় নাটকীয়তা অনেক সময় শুরু হয় গ্রুপপর্বের শেষ দিকেই।