স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৬, ০১:৪৭ পিএম
বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে তার অসাধারণ হ্যাটট্রিক শুধু আর্জেন্টিনাকে বড় জয়ই এনে দেয়নি, ফুটবলপ্রেমীদেরও মুগ্ধ করেছে। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাও মেসির প্রশংসা করতে কার্পণ্য করেননি।
আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার হয়ে তিনটি গোলই করেন লিওনেল মেসি। বিশ্বকাপের মঞ্চে এটি তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক, যা তাকে নতুন এক মাইলফলকে পৌঁছে দিয়েছে।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা রসিকতা করে বলেন, ‘মেসিকে ব্রাজিলের হয়ে খেলানোর জন্য চুক্তিবদ্ধ করা যায় কি না, সেটাই ভাবছি!’ চিরপ্রতিদ্বন্দ্বী দেশের একজন খেলোয়াড়কে নিয়ে এমন মন্তব্য উপস্থিতদের মধ্যে হাসির রোল তোলে।
মেসির পারফরম্যান্সের প্রশংসা করলেও নিজের দেশের দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মুখে পড়েন লুলা। কারণ, গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কৌশলী জবাব দেন। লুলা বলেন, ‘স্পেনও কেপ ভার্দের সঙ্গে ড্র করেছে, সেটি আরও হতাশাজনক ফল ছিল।’
আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করার মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। এর ফলে তিনি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের সমতায় পৌঁছেছেন।
এছাড়া ৩৮ বছর বয়সী মেসি নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন। এর মাধ্যমে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো ও মেক্সিকোর গোলরক্ষক গুইলার্মো ওচোয়ার সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ডে নাম লেখান।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে আত্মবিশ্বাসী জয় দিয়ে। গ্রুপ ‘জে’-তে তাদের পরবর্তী ম্যাচ ২২ জুন, যেখানে ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে মেসির দল।