images

স্পোর্টস / ফুটবল

অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

স্পোর্টস ডেস্ক

১৭ জুন ২০২৬, ০৬:১১ পিএম

বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী স্পেনের সামনে অসাধারণ পারফরম্যান্স করে সবার মন জয় করে নিয়েছেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। স্পেনের বিপক্ষে ঐতিহাসিক গোলশূন্য ড্রয়ে সাতটি দুর্দান্ত সেভ করে দলকে এক পয়েন্ট এনে দেওয়ার পর ম্যাচসেরা হন তিনি। কিন্তু মাঠের এই জয়ের চেয়েও বেশি আবেগঘন ছিল তাঁর চোখের জল।

ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে কণ্ঠ ভেঙে ভোজিনহা জানান, ছোটবেলা থেকে দাদা-দাদির কাছে বেড়ে ওঠা এই গোলরক্ষকের জীবনের সবচেয়ে বড় মুহূর্তে তাঁরা পাশে ছিলেন না। কয়েক বছর আগেই তাঁরা মারা গেছেন। আর সবচেয়ে বড় কষ্টের কথা, মা আনা ক্যান্ডিডা ইভোরা গ্যালারিতে বসে ছেলের খেলা দেখতে পারেননি। ভিসার জটিলতা আর প্রয়োজনীয় অর্থের অভাবে সময়মতো সবকিছু গুছিয়ে উঠতে পারেননি তাঁরা।

এই আবেগঘন কথাগুলো মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা, সাংবাদিক ও খেলোয়াড়রা ভোজিনহার মায়ের ভিসা নিশ্চিত করার দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। ফিফা ও আন্তর্জাতিক ফুটবল মহলও বিষয়টি নজরে নেয়।

সেই দাবির প্রতিফলন দেখা যাচ্ছে এখন। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, ভোজিনহার মায়ের ভিসা প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শিগগিরই তিনি যুক্তরাষ্ট্রে ছেলের সঙ্গে দেখা করতে যাবেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়; দেশের সাধারণ পরিবেশে বসে মা প্রয়োজনীয় কাগজপত্র গোছাচ্ছেন। ভিডিওটি প্রকাশের পর ফুটবল দুনিয়ায় আবেগের ঢেউ উঠেছে।

ভোজিনহা যে শুধু মাঠে দক্ষতা দেখিয়েছেন তা নয়, তাঁর পারিবারিক গল্পটি কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে। বাস ড্রাইভার থেকে বিশ্বকাপের নায়ক হয়ে ওঠা এই অভিজ্ঞ গোলরক্ষকের সংগ্রাম এখন অনেকের অনুপ্রেরণা। মার্কিন পররাষ্ট্র দপ্তরও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে সহায়তার আশ্বাস দিয়েছে।