স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৬, ০৯:৪৪ পিএম
যশোরের ক্রিকেটসহ সকল প্রকার খেলাধুলার উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাহী পরিচালক শান্তনু ইসলাম সুমিত। তিনি বলেন, খেলাধুলা মাঠে ফেরানোই আমাদের মূল লক্ষ্য। তার জন্য যা যা করণীয় সেগুলো করার আশ্বাস প্রদানের পাশাপাশি যশোর তথা খুলনা বিভাগের ক্রিকেটকে আবার পূর্বের জায়গা ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন বিসিবি পরিচালক।
মঙ্গলবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। যশোরের সকল ক্রিকেট খেলোয়াড় ও সংগঠকদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিসিবি পরিচালক আরও বলেন, এই শহরে আমার জন্ম বেড়ে ওঠা। আপনাদের মতো আমারও নিজ জেলার প্রতি আমার টান রয়েছে। প্রাণের শহরের খেলাধুলা টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব কর্তব্য। সেই দায়িত্ব কর্তব্য বোধ থেকে এখানে এসেছি।
তিনি বলেন, আমি শুনেছি দীর্ঘ দিন লীগ হয় না। আমাদের ছেলেরা অনুর্ধ্ব-১৪, ১৬, ১৮ ক্রিকেট খেলার পর তারা আগাতে পারছে না কেন? লীগ যদি চালু না থাকে তাহলে ক্রিকেটারদের বড় সমস্যা হয় সেটা আমরা সবাই বুঝি। ক্রিকেট খেলোয়াড় যদি থাকে তাহলে ক্রিকেট থাকবে। আমরা সবাই মিলে কি ভাবে যশোরের ক্রিকেটকে এগিয়ে নিতে পারবো সেই লক্ষ্যে সবাই মিলে কাজ করতে হবে।
এক সময় জাতীয় দলে এখান থেকে আমরা খেলোয়াড় সরবরাহ করতাম। সেই ধারাটা যেন ফিরি আনতে পারি সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। আমাদের মূল্য লক্ষ্য খেলোয়াড়ার এবং ক্রিকেটের উন্নয়নে কাজ করা। তার জন্য ক্রিকেট সংশ্লিষ্ঠ সবাইকে যে ধরণের সাপোর্টের প্রয়োজন সেগুলো প্রদান করা হবে। আপনাদের সাথে আমার আলোচনাটা আজকে শুরু হয়েছে। এটা ভবিষ্যতে চলমান, সকলের পরামর্শ সহযোগিতা যশোরের ক্রিকেটসহ সমগ্র ক্রীড়াঙ্গনকে নিয়ে এগিয়ে যাবো।
বিসিবি পরিচালক শান্তনু ইসলাম সুমিত বলেন, ভবিষ্যতে বিসিবির লক্ষ্য নারী ক্রিকেটের উন্নয়নের জন্য ব্যপক ভূমিকা। তাদের জন্য লীগ চালু করতে চাই। শামস্-উল-হুদা স্টেডিয়ামের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশের যদি নতুন করে দুটি স্টেডিয়ামের উন্নয়নের কাজ হয় তার মধ্যে যশোর একটি। তার জন্য আপনাদের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আলাপ করেছেন।
আমাদের মূল লক্ষ্য ক্রিকেট খেলাটা মাঠে গড়ানো। তার জন্য জেলা ক্রীড়া সংস্থার সভাপতির সাথে কথা বলবো। তিনি যেন ক্রীড়া সংগঠকদের ডেকে মতবিনিময় করে চালু করতে পারেন তার জন্য বিসিবির থেকে যে সহযোগিতার প্রয়োজন সেগুলো করবো।
ক্রীড়া সংগঠক চিন্ময় সাহার সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো, ক্রীড়া সংগঠক এজাজ উদ্দিন টিপু, মনিরুল হুদা খান মনি, সোহেল আমিন হাওলাদার, ইমরান সাদিক, রফিকুল ইসলাম, ক্রিকেট আম্পায়ার আসাদুল্লাহ খান বিপ্লব, রিয়াজু ইসলাম, ক্রিকেটার শাহরিয়ার সাকিব, আরিফুজ্জামান সাগর প্রমুখ।