স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৬, ০৫:২৫ পিএম
বাংলাদেশ সফরটা দুঃস্বপ্নের মতোই কাটছে অস্ট্রেলিয়া দলের জন্য। ওয়ানডে সিরিজ ইতোমধ্যেই হেরেছে অজিরা। সিরিজের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচও দাপটের সঙ্গে জিতে প্রথমবারের মত যে কোনো ফরম্যাটে হলুদ জার্সিধারীদের বিপক্ষে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করেছে টাইগাররা। এবার পালা টি-টোয়েন্টির। দুই দলের সংক্ষিপ্ত সংস্করণের তিন ম্যাচের সিরিজ শুরু হবে আগামীকাল। এর আগে আজ সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি সিরিজ জয়ের প্রত্যাশার কথা জানালেন অজি অধিনায়ক মিচের মার্শ।
ওয়ানডে সিরিজে চোটের কারণে দলে ছিলেন না মার্শ। তবে ফিট হয়ে টি-টোয়েন্টি দিয়ে ফিরছেন তিনি। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল দুপুর ২টায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে অজিরা।
সংবাদ সম্মেলনে সিরিজ জয়ের প্রত্যাশার কথা জানিয়ে মার্শ বলেন, ‘আমাদের দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। নতুন কয়েকজন ক্রিকেটার যোগ দিয়েছে। ছেলেরা এই সিরিজের জন্য মুখিয়ে আছে। নিঃসন্দেহে সফরটা কঠিন গেছে, কিন্তু আমরা অনেক আশা নিয়ে এই সিরিজে নামছি। আশা করছি সিরিজ জিততে পারব এবং ভালো ক্রিকেট খেলতে পারব।’
ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষায় আছেন জানিয়ে মার্শ আরও বলেন, ‘নিঃসন্দেহে আমাদের দলে কিছু অভিজ্ঞ ক্রিকেটার ফিরেছে। একই সঙ্গে নতুন মুখও আছে, কয়েকজন তরুণ ক্রিকেটারও আছে যারা দলে দারুণ প্রাণশক্তি যোগ করবে। বাংলাদেশের বিপক্ষে খেলার এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করার অপেক্ষায় আছি।’