স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৬, ০২:১৩ পিএম
লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে উত্তাল সমর্থন আর আবেগের ঢেউ। ইরানের জার্সিতে গোল করে করে দলকে সমতায় ফিরিয়ে এনে নায়ক বনে গেলেন রামিন রেজাইয়ান। নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র হলেও, মাঠের বাইরে আরেকটি বিতর্কের জন্ম দিলেন ইরানি সমর্থকরা।
ম্যাচ শুরুর আগে যখন ইরানের জাতীয় সংগীত বাজছিল, তখন অনেক সমর্থকই সংগীতের বিরুদ্ধে দুয়ো দেন। লস অ্যাঞ্জেলেসকে যেখানে ‘তেহরানজেলেস’ বলা হয়, সেখানে প্রায় ৫০ হাজার ইরানি সমর্থকের উপস্থিতিতে এই ঘটনা চোখে পড়ার মতোই ছিল। ১৯৭৯ সালের বিপ্লবের পর যারা দেশ ছেড়েছিলেন, তাদের পরবর্তী প্রজন্মসহ অনেকেই এই শহরে বসবাস করেন।
ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন রেজাইয়ান। প্রথমেই প্রশ্ন আসে দুয়ো নিয়ে, কড়া ভাষাতেই বলেন, ‘এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, আপনাদের নাক গলাতে হবে না।’ তবে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে আরও শান্ত ও সম্মানজনক সুরে যোগ করেন, ‘আমি আপনাকে সম্মান করি। এটা আমাদের নিজেদের সমস্যা। আমরা নিজেরাই এটা সামলে নেব, চিন্তা করবেন না।’
রেজাইয়ান আর এই বিতর্কে গভীরে যেতে চাননি। তিনি দ্রুত ফুটবলে ফিরে এসে বলেন, ‘আমরা এখানে ফুটবল নিয়ে কথা বলতে এসেছি। আমার দেশের মানুষ অসাধারণ। সারা বিশ্ব এখন তাদের চিনছে।’
ইরানি দলের এই ড্রয়ে সমর্থকদের মধ্যে মিশ্র অনুভূতি দেখা গেছে। মাঠে তাদের গলা ফাটানো সমর্থন ছিল দারুণ, কিন্তু জাতীয় সংগীত নিয়ে অসন্তোষও স্পষ্ট হয়ে উঠেছে। রেজাইয়ানের মতো খেলোয়াড়রা এখন চান, সব আলোচনা যেন মাঠের পারফরম্যান্সেই সীমাবদ্ধ থাকে।