Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

পয়েন্ট ভাগাভাগি করে নিল মিশর-বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক

১৬ জুন ২০২৬, ০৩:১০ এএম

বিশ্বকাপ ফুটবলের ‘জি’ গ্রুপে জমজমাট লড়াইয়ের পর ১-১ গোলে ড্র করেছে মিশর ও বেলজিয়াম। ফলে টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুই দলকে একটি করে পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।

সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে মিশর। ১৯তম মিনিটে অধিনায়ক মোহাম্মদ সালাহর নিখুঁত পাস থেকে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন এমাম আশুর। প্রথমার্ধে মিশরের রক্ষণভাগও ছিল বেশ সংগঠিত, ফলে বেলজিয়ামের আক্রমণগুলো বারবার ব্যর্থ হয়।

বিরতির পর ম্যাচে ফিরে আসার মরিয়া চেষ্টা চালায় বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত বদলি হিসেবে মাঠে নেমেই প্রভাব ফেলেন রোমেলু লুকাকু। তার চাপের মুখে ৬৬তম মিনিটে আত্মঘাতী গোল করে বসেন মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হানি, আর তাতেই সমতায় ফেরে বেলজিয়াম।

বাকি সময়ে দুই দলই জয়ের জন্য চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। এই ড্রয়ের ফলে ‘জি’ গ্রুপের লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে, কারণ নকআউট পর্বে ওঠার দৌড়ে প্রতিটি পয়েন্টই হয়ে উঠবে গুরুত্বপূর্ণ।

ম্যাচের সেরা পারফরমারদের মধ্যে ছিলেন মিশরের গোলরক্ষক মোস্তাফা শোবেইর, যিনি কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। অন্যদিকে বেলজিয়ামের হয়ে ডি ব্রুইনে ও লুকাকুর উপস্থিতি দ্বিতীয়ার্ধে পার্থক্য গড়ে দেয়।


এফএ