স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৬, ১২:১৫ এএম
বিশ্বকাপের গ্রুপ এইচ এর উদ্বোধনী ম্যাচে আজ মাঠে নেমেছে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টের অন্যতম প্রধান প্রিয় দল হলেও তারা মুখোমুখি হয়েছে কঠিন প্রতিরোধের। আফ্রিকার নতুন প্রতিপক্ষ কেপ ভার্দে তাদের আক্রমণ কার্যকরভাবে থামিয়ে দিয়েছে। গোলরক্ষক ভোজিনহার অসাধারণ পারফরম্যান্সের কারণে ২০২৬ বিশ্বকাপের প্রথম অঘটন ঘটিয়েছে পুচকে কেপ ভার্দে। ইউরোপিয়ান পরাশক্তি স্পেনকে রুখে দিয়ে গোলশূন্য ড্র দিয়ে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচ শেষ করেছে কেপ ভার্দে।
এদিন ম্যাচের প্রায় পুরো সময়টাই ছিল স্পেনের দখলে। একের পর এক আক্রমণ, গোলমুখে শট আর কর্নারের পর কর্নার সবই ছিল স্প্যানিশদের পক্ষে। কিন্তু শেষ হাসি হাসতে পারেনি ইউরোপিয়ান পরাশক্তিরা। সুযোগের পর সুযোগ নষ্ট করা স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে কেপ ভার্দে।
ম্যাচের পরিসংখ্যানই যেন স্পেনের হতাশার গল্প বলছে। ৭৪ শতাংশ বল দখলে রাখা দলটি প্রতিপক্ষের গোলমুখে নেয় ২৭টি শট। আদায় করে ১১টি কর্নার। প্রত্যাশিত গোলের হিসাবেও স্পেন ছিল অনেক এগিয়ে ২.২৯, যেখানে কেপ ভার্দের ছিল মাত্র ০.৩০। তবুও গোলের খাতা খুলতে পারেনি ইউরোপিয়ান পরাশক্তিরা।

প্রথমার্ধেই কয়েকবার গোলের খুব কাছাকাছি পৌঁছেছিল স্পেন। ৩৯ মিনিটে ফেরান তোরেসের দুর্দান্ত শট কেপ ভার্দের গোলরক্ষককে পরাস্ত করলেও রক্ষা করে ক্রসবার। একই মিনিটে মিকেল ওয়ারজাবালের হেড অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক ভোজিনহা। মিনিট খানেক পর আবারও স্পেনের আক্রমণ, কিন্তু সফল হননি ফেরান তোরেস।
বিরতির আগে স্প্যানিশদের চাপ আরও বাড়ে। ৪৫ মিনিটে তোরেসের বাম পায়ের শট রুখে দেন ভোজিনহা। যোগ করা সময়ে কর্নার থেকে আয়মেরিক লাপোর্তের শক্তিশালী হেডারও ঠেকিয়ে দেন তিনি। এরপর যোগ করা সময়ে মার্কোস লরেন্তের ক্রস থেকে ওয়ারজাবালের হেড অল্পের জন্য পোস্টের বাইরে চলে গেলে হতাশ হতে হয় স্প্যানিশদের।
বিরতি থেকে এসে দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্র বদলায়নি। আক্রমণে আধিপত্য বজায় রাখে স্পেন। পুরো ম্যাচে তারা দুটি পরিষ্কার গোলের সুযোগ তৈরি করলেও কোনোটিই কাজে লাগাতে পারেনি। অন্যদিকে কেপ ভার্দে মূলত রক্ষণ সামলে পাল্টা আক্রমণের কৌশলেই এগিয়েছে।

ম্যাচের অন্যতম নায়ক ছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। স্পেনের একের পর এক আক্রমণের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়ে তিনি করেন ৭টি গুরুত্বপূর্ণ সেভ। বিপরীতে স্পেনের গোলরক্ষককে পুরো ম্যাচে মাত্র একটি সেভ করতে হয়েছে।
ফলে আক্রমণ, বল দখল, কর্নার কিংবা প্রত্যাশিত গোল সব পরিসংখ্যানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি স্পেন। বরং বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দিয়ে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে কেপ ভার্দে। স্প্যানিশদের জন্য এটি হতাশার ফল হলেও নবাগত কেপ ভার্দের জন্য বিশ্বকাপ মঞ্চে স্মরণীয় এক অর্জন।
এসটি/এফএ