স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৬, ০৭:১২ পিএম
বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’ এর প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপিয়ান পরাশক্তি স্পেন ও বিশ্বমঞ্চে অভিষেক হওয়া আফ্রিকান দেশ কেপ ভার্দে। কাগজে-কলমে শক্তির পার্থক্য বিশাল। ফুটবল ইতিহাস, খেলোয়াড়দের বাজারমূল্য, আন্তর্জাতিক র্যাঙ্কিং কিংবা বিশ্বমঞ্চের অভিজ্ঞতা সব দিক থেকেই এগিয়ে স্পেন। তবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে অঘটনের গল্পও কম নেই।
বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে স্পেন বিশ্বের শীর্ষ দলগুলোর একটি। গত দুই বছরে তারা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পাশাপাশি বিশ্বকাপ বাছাইপর্বেও দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছে। ২০২৪ সালের মার্চ থেকে বিশ্বকাপে আসার আগে পর্যন্ত টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিল স্প্যানিশরা। এই সময়ে ২৩টিতে জয় ও ৭ ম্যাচ ড্র করেছে লা পিয়েল দে তোরোরা।
অন্যদিকে কেপ ভার্দের বর্তমান ফিফা র্যাঙ্কিং ৬৯। আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রটির জনসংখ্যা মাত্র সাড়ে পাঁচ লাখের কাছাকাছি। দেশটির আয়তন মাত্র ৪ হাজার বর্গকিলোমিটারের কিছু বেশি। অথচ সেই ছোট দেশটিই ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
স্পেন যেখানে বিশ্বের সেরাদের কাতারে, কেপ ভার্দে সেখানে শীর্ষ ৬০ এর বাইরের দল। কিন্তু বিশ্বকাপে অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে বড় দলগুলোর হোঁচট খাওয়ার উদাহরণও কম নয়।
২০২২ বিশ্বকাপ, সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে হেরে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ২০১৮ সালে জার্মানি বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। ২০০২ বিশ্বকাপে শিরোপাধারী ফ্রান্সও প্রথম রাউন্ড পেরোতে পারেনি। এসব উদাহরণ প্রমাণ করে, বিশ্বকাপে নামের চেয়ে দিনের পারফরম্যান্সই বেশি গুরুত্বপূর্ণ।
স্পেনের শক্তির জায়গা তাদের মিডফিল্ড। পেদ্রি, রদ্রি, ফ্যাবিয়ান রুইজদের মতো ফুটবলাররা ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারেন। আক্রমণভাগে রয়েছে মিকেল ওয়ারজাবাল, ফেরান তোরেসদের মতো পরীক্ষিত নাম। তরুণ তারকা লামিনে ইয়ামালও পুরোপুরি ফিট হয়ে দলে ফিরেছেন। যদিও শুরুতে তাকে বেঞ্চে দেখা যেতে পারে।
এদিকে কেপ ভার্দের সবচেয়ে বড় শক্তি তাদের লড়াকু মানসিকতা। বিশ্বকাপ বাছাইপর্বে তারা শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে ইতিহাস গড়েছে। দলটির কোচ বুবিস্তা বলেছেন, তারা শুধু অংশ নিতে নয়, প্রতিদ্বন্দ্বিতা করতেই বিশ্বকাপে এসেছে। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেও কেপ ভার্দেকে সম্ভাব্য ‘চমক’ হিসেবে উল্লেখ করেছেন।
দুই দলের লড়াইয়ে পরিসংখ্যান বলছে স্পেনের জয়ের সম্ভবনা ৮০ শতাংশ। এদিকে ফুটবল বিশ্লেষকদের মতে, শক্তির বিচারে স্পেন স্পষ্ট ফেবারিট। কিন্তু বিশ্বকাপ এমন এক মঞ্চ, যেখানে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। তাই আজকের ম্যাচে প্রশ্ন একটাই স্পেন কি প্রত্যাশামতো সহজ জয় পাবে, নাকি কেপ ভার্দে লিখবে নতুন কোনো রূপকথা? তার উত্তর জানা যাবে মাঠের ৯০ মিনিটের লড়াই শেষে।
লিমন/আরএ/এসটি