images

স্পোর্টস / ফুটবল

বিশ্বকাপের যে রেকর্ড শুধু জার্মানির এখন, আর্জেন্টিনা-ব্রাজিল কোথায়

স্পোর্টস ডেস্ক

১৫ জুন ২০২৬, ০৩:৩৬ পিএম

বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও জার্মানির মধ্যে রেকর্ডের লড়াই নতুন কিছু নয়। শিরোপা, ফাইনাল, সেমিফাইনাল কিংবা ব্যক্তিগত অর্জন প্রায় সব গুরুত্বপূর্ণ পরিসংখ্যানেই এই দুই দল একে অপরের ঘাড়ে নিশ্বাস ফেলছে। এবার সেই প্রতিদ্বন্দ্বিতায় নতুন একটি মাইলফলক স্পর্শ করেছে জার্মানি। বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোল করা দলের তালিকায় ব্রাজিলকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই গোলের বন্যা বইয়ে দেয় জার্মানি। কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বড় জয় তুলে নেওয়ার পথে তারা বিশ্বকাপে নিজেদের মোট গোলসংখ্যা ২৩৯-এ উন্নীত করে। এর ফলে দীর্ঘদিন ধরে ব্রাজিলের দখলে থাকা সর্বোচ্চ গোলের রেকর্ড এখন জার্মানদের হাতে।

বিশ্বকাপে অংশ নিতে আসার আগে ব্রাজিলের মোট গোল ছিল ২৩৭টি, আর জার্মানির ছিল ২৩২টি। পরে মরক্কোর বিপক্ষে ১-১ ড্র করে ব্রাজিল তাদের গোলসংখ্যা বাড়িয়ে ২৩৮-এ নেয়। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে কুরাসাওয়ের জালে সাতবার বল পাঠিয়ে জার্মানি ২৩৯ গোল নিয়ে নতুন রেকর্ড গড়ে।

বিশ্বকাপের বিভিন্ন পরিসংখ্যানেও জার্মানি ও ব্রাজিলের আধিপত্য স্পষ্ট। ইতিহাসে সবচেয়ে বেশি ১২ বার সেমিফাইনাল খেলেছে জার্মানি, যেখানে ব্রাজিলের সেমিফাইনাল উপস্থিতি ৮ বার। সবচেয়ে বেশি ৮টি ফাইনাল খেলেছে জার্মানরা, আর ব্রাজিল খেলেছে ৭টি। তবে বিশ্বকাপ জয়ের দিক থেকে এখনও সবার ওপরে রয়েছে ব্রাজিল, তাদের শিরোপা সংখ্যা ৫। জার্মানির অর্জন ৪টি বিশ্বকাপ।

ব্যক্তিগত গোলের রেকর্ডেও শীর্ষে আছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা, যার বিশ্বকাপ গোলসংখ্যা ১৬। তার ঠিক পেছনেই রয়েছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও, যার গোল ১৫টি।

বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোল করা দলের তালিকায় বর্তমানে জার্মানির পরেই রয়েছে ব্রাজিল। তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা (১৫২ গোল), চতুর্থে ফ্রান্স (১৩৬ গোল)। এরপর ইতালি (১২৮), স্পেন (১০৮), ইংল্যান্ড (১০৪), নেদারল্যান্ডস (৯৮), উরুগুয়ে (৮৯) এবং হাঙ্গেরি (৮৭) অবস্থান করছে।

তবে একটি গুরুত্বপূর্ণ রেকর্ড এখনও ব্রাজিলের দখলে। বিশ্বকাপ জয়ের সর্বোচ্চ পাঁচটি শিরোপা নিয়ে তারা এককভাবে শীর্ষে রয়েছে। জার্মানি যদি ভবিষ্যতে আরও একটি বিশ্বকাপ জিততে পারে, তাহলে ব্রাজিলের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ শিরোপাজয়ী দলের মর্যাদা পাবে।

এসটি/