নিজস্ব প্রতিবেদক
১৪ জুন ২০২৬, ০৮:২২ পিএম
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে রাজধানীর শ্যামলীতে অবস্থিত মাইকেয়ার হেলথ অ্যান্ড রিসার্চ সেন্টার খেলোয়াড় ও অ্যাথলেটদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা কর্মসূচি চালু করেছে। এ লক্ষ্যে ‘সমন্বিত স্পোর্টস মেডিসিন বোর্ড’ নামে একটি বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে, যার মাধ্যমে ক্রীড়াবিদরা বিনামূল্যে চিকিৎসা পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন।
রোববার (১৪ জুন) দুপুরে কেন্দ্রটির অর্থোপেডিক্স ও স্পোর্টস সার্জারি বিভাগের প্রধান পরামর্শক ডা. শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, মাঠে বা অনুশীলনের সময় সৃষ্ট বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা; যেমন হাঁটুর ইনজুরি, লিগামেন্টের ক্ষতি, পেশির ব্যথা কিংবা পারফরম্যান্স-সংক্রান্ত জটিলতা নিয়ে উদ্বিগ্ন ক্রীড়াবিদদের জন্য এই বিশেষ সেবা চালু করা হয়েছে। বোর্ডটিতে স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ, অর্থোপেডিক স্পোর্টস সার্জন এবং স্পোর্টস ফিজিওথেরাপিস্ট একসঙ্গে রোগীর অবস্থা মূল্যায়ন করবেন।
ডা. রাফি আরও জানান, এই উদ্যোগের আওতায় নিবন্ধিত খেলোয়াড়রা সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি স্পোর্টস ইনজুরি-সংক্রান্ত অস্ত্রোপচার ও চিকিৎসা সেবায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। এছাড়া একাধিক বিশেষজ্ঞের সমন্বিত মতামত এবং পেশাদার ক্রীড়াবিদদের জন্য বিশেষ মূল্যায়নের ব্যবস্থাও রাখা হয়েছে।
তবে এই সুবিধা পেতে আগ্রহীদের পূর্বনির্ধারিত নিবন্ধন সম্পন্ন করতে হবে। সেবা গ্রহণের সময় ক্লাব বা ফেডারেশনের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এসটি