স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৬, ০২:১৮ পিএম
ছোট্ট একটি ক্যারিবীয় দ্বীপদেশের ফুটবলাররা বিশ্বকাপের মঞ্চে পা রাখতে চলেছেন। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হওয়ার আগেও তাদের চোখে ভয় নেই, বরং রয়েছে উৎসবের আমেজ ও জয়ের স্বপ্ন। রূপকথার গল্পই বলা যায়। কেননা পুরো দেশের জনসংখ্যা মাত্র দেড় লাখ। সেই দেশটিই এবার প্রথমবারের মতো বিশ্বকাপে ঠাঁই করে নিয়েছে।
রোববার ম্যাচের আগে শনিবার সংবাদ সম্মেলনে কুরাসাওয়ের প্রধান কোচ ডিক অ্যাডভোকাট আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, তাঁর দল বৈধ উপায়ে পয়েন্ট আদায় করতে চায় এবং নিজেদের পরিকল্পনা সবাইকে দেখাতে চায়।
৭৮ বছর বয়সী এই ডাচ কোচ বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন। এর আগে তিনি নেদারল্যান্ডস ও দক্ষিণ কোরিয়ার দায়িত্ব সামলেছেন। কুরাসাওয়ের হয়ে এটি তাঁর তৃতীয় ভিন্ন দল নিয়ে বিশ্বকাপ অভিযান।
দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন অ্যাডভোকাট জানিয়েছেন, মাত্র ১ লাখ ৬০ হাজার জনসংখ্যার এই দেশটিকে বিশ্বকাপে তোলার পেছনে দলের যে ঐক্য দেখা গেছে, তা তাঁর ক্যারিয়ারের সেরা উদাহরণগুলোর একটি। 'এমন ঐক্য আগে কখনো দেখিনি। আমরা দ্বীপের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তবে আমরা ফেবারিট নই,' বলেন তিনি।
তিনি আরও যোগ করেন, 'বড় দলের হয়ে খেললে শিরোপার দাবিদার হয়ে যাওয়া যায়। কিন্তু এখানে শুধু অংশগ্রহণই অসাধারণ। আমরা দেখাতে চাই আমরা কী করতে পারি। গত দুই বছরে কুরাসাওয়ের মানুষ যা দেখেছে, তা এই দ্বীপের জন্য গর্বের।'
‘ই’ গ্রুপে কুরাসাওয়ের প্রতিপক্ষ জার্মানি, ইকুয়েডর ও আইভরি কোস্ট তিনটিই শক্তিশালী দল। অ্যাডভোকাট স্বীকার করেছেন, জার্মানি ম্যাচে আধিপত্য বিস্তার করবে, যা স্বাভাবিক।
তবে বিশ্বকাপ শুরুর আগেই কুরাসাওয়ের খেলোয়াড়দের নির্ভার মনোভাব সবার নজর কেড়েছে। দলীয় বাসে খালি গায়ে গান গেয়ে নাচার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দলের অধিনায়ক লিয়ান্দ্রো বাকুনা বলেছেন, 'আমরা এমন জাতি যারা উৎসব করতে ভালোবাসে। আমরা আনন্দ করতে পছন্দ করি।'