images

স্পোর্টস / ফুটবল

না ফেরার দেশে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের নায়ক

স্পোর্টস ডেস্ক

১২ জুন ২০২৬, ১০:২৫ এএম

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ) মিশন শুরু করার ঠিক আগমুহূর্তে এক বেদনাদায়ক খবরের মুখোমুখি হলো ব্রাজিল ফুটবল। দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি এবং ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপজয়ী দলের প্রাচীরখ্যাত ডিফেন্ডার ব্রিতো আর নেই। গত বৃহস্পতিবার (১১ জুন) ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রাক্তন সেন্টার ব্যাক।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন আনুষ্ঠানিকভাবে ব্রিতোর মৃত্যুর খবরটি নিশ্চিত করলেও বিস্তারিত অন্য কোনো তথ্য জানায়নি।

কিংবদন্তি এই ফুটবলারের পূর্ণ নাম হারকিউলিস ডি ব্রিতো রুয়াস হলেও ফুটবল বিশ্ব তাঁকে এক নামে ‘ব্রিতো’ হিসেবেই চিনত। ১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ব্রাজিলের সোনালি প্রজন্মের জার্সি গায়ে তিনি মোট ৬১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১৯৬৬ সালের বিশ্বকাপেও তিনি দলের অংশ ছিলেন। তবে ১৯৭০ সালে পেলের বিখ্যাত ত্রিমুকুট জয়ের আসরে উইলসন পিয়াজ্জার সাথে জুটি বেঁধে ব্রাজিলের রক্ষণভাগে যে অভেদ্য প্রাচীর গড়ে তুলেছিলেন, তা ফুটবল ইতিহাসে অমর হয়ে রয়েছে।

বিশ্বকাপ ছাড়াও ব্রিতো ১৯৭১ সালে ব্রাজিলের হয়ে ‘কোপা রোকা’ এবং ১৯৭২ সালে ‘তাসা ইন্ডিপেনডেন্সিয়া’ ট্রফি জয়ের গৌরব অর্জন করেছিলেন। ক্লাব ফুটবলে ভাস্কো দা গামা, ইন্টারন্যাসিওনাল, ফ্ল্যামেঙ্গো এবং ক্রুজেইরোর মতো নামী দলগুলোর হয়ে মাঠ কাঁপিয়েছেন এই সেন্ট্রাল ডিফেন্ডার।

ব্রিতোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের নবনির্বাচিত সভাপতি সামির শাউদ এক বিবৃতিতে বলেন, “ব্রিতো আমাদের ছেড়ে চলে গেছেন, তবে তিনি ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। ১৯৭০ সালের বিশ্বকাপে তাঁর অবদান আমরা আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করব।”

চলমান বিশ্বকাপে ব্রাজিলের খেলোয়াড়দের উদ্দেশে সিবিএফ প্রধান আরও বলেন, “আমি আমাদের দেশের এই মহান আইডলের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আশা করি, তাঁর লড়াকু মানসিকতা বর্তমান বিশ্বকাপে অংশ নেওয়া আমাদের খেলোয়াড়দের জন্য একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”

ইতিহাসের সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবার উত্তর আমেরিকার মাটিতে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে তাদের ষষ্ঠ শিরোপার খোঁজে মিশন শুরু করতে যাচ্ছে। আগামী শনিবার (১৩ জুন) মরক্কোর বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হবে সেলেসাওদের বিশ্বকাপ যাত্রা। ইনজুরি জাঁতাকলে পিষ্ট ব্রাজিল স্কোয়াড এখন তাদের এই কিংবদন্তি চ্যাম্পিয়নের স্মৃতি বুকে নিয়ে শোককে শক্তিতে রূপান্তর করে মাঠে নামার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে।