স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২৬, ০৬:৩০ পিএম
২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতি যখন বিশ্বজুড়ে জমে উঠছে, ঠিক তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের একটি ইনস্টাগ্রাম স্টোরি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে স্টোরিতে জাইমা শেয়ার করেছেন ব্রাজিল জাতীয় দলের কিংবদন্তি রোনালদোর একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, কিংবদন্তি রোনালদো উড়োজাহাজ থেকে নামছেন এবং হাতে ভিডিও ক্যামেরা ধরে রয়েছেন। ছবিতে জাইমা রহমান ক্যাপশনে লিখেছেন, ‘আপনারা কি রেডি?’। সঙ্গে যুক্ত হয়েছে সার্জিও মেন্ডেজ অ্যান্ড ব্রাজিল ’৬৬-এর সেই সাম্বা তালের গান, যা ব্রাজিলের উৎসবমুখর সংস্কৃতিকে তুলে ধরে।
পোস্টটি প্রকাশের পরপরই নেটদুনিয়ায় তোলপাড় শুরু হয়। অনেকেই মনে করছেন, এটি জাইমা রহমানের ব্রাজিলের প্রতি গভীর সমর্থনের বহিঃপ্রকাশ। বিশ্বকাপের বছরে এমন একটি পোস্ট ব্রাজিল ভক্তদের মধ্যে বাড়তি উৎসাহ জুগিয়েছে। বাংলাদেশে যেখানে ব্রাজিলকে ঘিরে কোটি কোটি ফুটবলপ্রেমীর আবেগ অন্য মাত্রায়, সেখানে একজন প্রভাবশালী ব্যক্তিত্বের এই শুভেচ্ছা অনেকের কাছেই বিশেষ অর্থ বহন করছে।
ব্রাজিল ফুটবলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন নয়। পেলে, রোনালদো, নেইমারদের জাদুতে মুগ্ধ প্রজন্মের পর প্রজন্ম এখানে বড় হয়েছে। ২০২৬ বিশ্বকাপে আবারও সেই সেলেসাওদের দেখার অপেক্ষায় রয়েছেন লাখো সমর্থক। জাইমা রহমানের স্টোরিটি তাই অনেকের কাছে শুধু একটি পোস্ট নয়, বরং বিশ্বকাপের উন্মাদনায় যোগ হওয়া এক আনন্দের বার্তা হয়ে উঠেছে।