স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২৬, ০৩:৩১ পিএম
২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক যুদ্ধ আরও বাজে রূপ নিচ্ছে। ম্যাচের দিন সকালে এসে রাতেই আমেরিকা ছাড়ার কঠোর ইমিগ্রেশন নিয়মের পর এবার ইরানি ফুটবল ফেডারেশনের জন্য বরাদ্দকৃত বিশ্বকাপের সব টিকিট বাতিল করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ কিক-অফের মাত্র তিন দিন আগে আমেরিকার এই আকস্মিক ও চরম ধাক্কায় ক্ষোভে ফেটে পড়েছে ইরান ফুটবল ফেডারেশন। সহ-আয়োজক দেশের বিরুদ্ধে সরাসরি ‘ফুটবলীয় চেতনা ধ্বংস ও বৈষম্যের’ অভিযোগ এনে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার জরুরি হস্তক্ষেপ দাবি করেছে তারা।
ফিফার অফিশিয়াল নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশ তাদের ম্যাচের মোট গ্যালারি ধারণক্ষমতার ৮ শতাংশ টিকিট নিজস্ব কোটায় পেয়ে থাকে, যা তারা অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে নিজেদের সমর্থকদের কাছে বিক্রি করে। ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা ফিফার কাছ থেকে গ্রুপ পর্বের ৩টি ম্যাচের টিকিট পাওয়ার পর ইতিমধ্যেই সাধারণ সমর্থকদের কাছে তা বিক্রি করা শুরু করে দিয়েছিল। বহু ইরানি সমর্থক লাখ টাকা খরচ করে বিমান ও হোটেলের বুকিংও সম্পন্ন করে ফেলেছিলেন।
মঙ্গলবার এক জরুরি বিবৃতিতে তেহরান জানায়, "আমেরিকা সম্পূর্ণ অনৈতিক ও আকস্মিকভাবে আমাদের জন্য বরাদ্দ করা সেই ৮% টিকিট পুরোপুরি বাতিল ও প্রত্যাহার করে নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে আমাদের ফেডারেশন একজন সমর্থককেও একটা সিঙ্গেল ম্যাচের টিকিট সরবরাহ করতে পারছে না।"
গত ফেব্রুয়ারির শেষে মার্কিন-ইসরায়েল যৌথ বিমান হামলার পর থেকেই দুই দেশের সম্পর্ক এখন যুদ্ধকালীন সমপর্যায়ে। আর এর সরাসরি প্রভাব পড়ছে মাঠের ফুটবলে। কেবল টিকিট বাতিলই নয়, ইরানের সহকারী কোচ, ফিজিও ও প্রশাসনিক প্যানেলের প্রায় ১৫ জন গুরুত্বপূর্ণ কর্মকর্তার ভিসা দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটন।
আমেরিকার এই একের পর এক আমলাতান্ত্রিক হেনস্তা ও বৈরিতার কারণে ইরান ইতিমধ্যেই তাদের মূল বিশ্বকাপ ক্যাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্ত শহর টিহুয়ানায় নিয়ে গেছে।
আমেরিকার এই ‘অফ-ফিল্ড’ মনস্তাত্ত্বিক যুদ্ধ ও প্রতিকূলতার মাঝেই আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। এরপর ২১ জুন লস অ্যাঞ্জেলেসেই তারা মুখোমুখি হবে শক্তিশালী বেলজিয়ামের এবং ২৬ জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়বে মিশরের বিরুদ্ধে।