images

স্পোর্টস / ফুটবল

বিশ্বকাপ জিতলে যেসব অদ্ভুত কাজ করার কথা জানালেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

০৯ জুন ২০২৬, ০৯:৫২ এএম

বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় থাকা স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামাল ভক্তদের জন্য এক ব্যতিক্রমী প্রতিশ্রুতি দিয়েছেন। ১৮ বছর বয়সী এই উইঙ্গার জানিয়েছেন, যদি স্পেন বিশ্বকাপ জিততে পারে, তাহলে তিন সপ্তাহ পর্যন্ত তিনি দাড়ি-গোঁফ কাটবেন না। পাশাপাশি, উদ্‌যাপনের অংশ হিসেবে তিনি ১০০টি বিটস হেডফোন ভক্তদের উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বার্সেলোনার এই প্রতিভাবান উইঙ্গারের জন্য এটি প্রথম বিশ্বকাপ। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ইয়ামাল বলেন, বিশ্বকাপ শিরোপা জিততে পারলে তিনি এই প্রতিশ্রুতি পূরণ করবেন। বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি ২০২৪ সালের ইউরো জয়ের স্মৃতি তুলে ধরেন।

তার মতে, টুর্নামেন্টের প্রথম ম্যাচে চাপ ও স্নায়ুচাপ অনুভব করা স্বাভাবিক, তবে ধৈর্য ধরে নিজের খেলায় মনোযোগ দিতে হবে কারণ বড় আসর দীর্ঘ সময়ের লড়াই।

ইয়ামাল ব্যালন ডি’অর পুরস্কার প্রসঙ্গে জানান, একসময় মনে হয়েছিল পুরস্কারটি তার হাতেও উঠতে পারে। তবে পরে বুঝতে পারেন, তখনো তিনি যথেষ্ট পরিণত ছিলেন না এবং পুরস্কারের গুরুত্ব পুরোপুরি অনুধাবন করতে পারেননি। তাই তিনি ফরাসি তারকা উসমান দেম্বেলের জয়কে ইতিবাচকভাবে দেখেন।

দেম্বেলের সঙ্গে নিজের সম্পর্কের কথা উল্লেখ করে ইয়ামাল বলেন, দেম্বেল তাকে নিয়মিত পরামর্শ দিয়েছেন এবং কঠিন সময়গুলোতে মানসিক সমর্থন দিয়েছেন। তার ব্যক্তিগত ও পেশাদার উন্নতিতে দেম্বেলের ভূমিকা গুরুত্বপূর্ণ।

বিশ্বকাপের আগে স্পেনের শেষ প্রস্তুতি ম্যাচে সোমবার পেরুর মুখোমুখি হওয়ার কথা রয়েছে। এরপর মূল আসরে গ্রুপ এইচ-এ স্পেন খেলবে উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে।