স্পোর্টস ডেস্ক
০৮ জুন ২০২৬, ০৭:৫৪ পিএম
রিয়াল মাদ্রিদের ২২ বছর বয়সী মহাতারকা জুড বেলিংহামকে নিয়ে কোচ টমাস টুখেলের এক বিস্ফোরক মন্তব্য এখন থ্রি-লায়ন্স সমর্থকদের আলোচনার কেন্দ্রবিন্দু। টুখেল স্পষ্ট করে দিয়েছেন যে, রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ মাতালেও ইংল্যান্ডের বিশ্বকাপ একাদশে বেলিংহামের জায়গা স্রেফ নামের জোরে পাকা নয়; বরং তাকে লড়াই করতে হবে অ্যাস্টন ভিলার মরগান রজার্সের মতো ফর্মে থাকা তারকাদের সাথে।
ইংল্যান্ডের বিশ্বকাপ বাছাইপর্বের পরিসংখ্যানগুলো টুখেলের এই বক্তব্যের পক্ষে কথা বলছে। ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে বেলিংহাম বাছাইপর্বের মাত্র ৪টি ম্যাচে মাঠে নামতে পেরেছিলেন। অন্যদিকে, টুখেলের অধীনে অ্যাস্টন ভিলার মরগান রজার্স ৮টি ম্যাচের প্রতিটিতেই নিজেকে প্রমাণ করেছেন। ফলে ‘নাম্বার ১০’ পজিশনে কাকে খেলানো হবে, তা নিয়ে এক বড় ধরণের দ্বন্দ্বে পড়েছেন টুখেল।
সংবাদ সম্মেলনে সরাসরি জানতে চাওয়া হয়েছিল, বেলিংহামকে কি একাদশে জায়গা পেতে লড়াই করতে হবে? টুখেলের উত্তর ছিল সটান, "অবশ্যই হবে। আমাদের স্কোয়াডে অন্তত ১৪-১৫ জন এমন খেলোয়াড় আছে যারা শুরুর একাদশে থাকার যোগ্য। জুড অবশ্যই তাদের একজন, তবে কারো জায়গাই চিরস্থায়ী নয়।"
ফ্লোরিডার অসহ্য গরম আর আর্দ্রতার মধ্যে বিশ্বকাপের প্রস্তুতি সারছে ইংল্যান্ড। গত শনিবার টাম্পায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে জেতা প্রস্তুতি ম্যাচে হ্যারি কেনের গোলে জয় পায় ইংল্যান্ড। সেই ম্যাচের দ্বিতীয়ার্ধে অধিনায়ক কেন মাঠ ছাড়লে প্রথমবারের মতো ইংল্যান্ডের আর্মব্যান্ড পরার সুযোগ পান বেলিংহাম। টুখেল অবশ্য ইনজুরি কাটিয়ে ফেরা বেলিংহামের ওপর আস্থা রাখছেন। তিনি বলেন, "জুড এখন একদম ফুরফুরে মেজাজে আছে। প্রয়োজনীয় বিশ্রাম নিয়ে ও এখন মাঠে নামার জন্য ক্ষুধার্ত। অনুশীলনে ওর পারফরম্যান্স দেখে আমি সত্যিই খুশি।"
বিশ্বকাপের লিডারশিপ গ্রুপ নিয়ে টুখেল তার তুরুপের তাসগুলো সাজাতে শুরু করেছেন। অধিনায়ক হিসেবে হ্যারি কেনের ওপর পূর্ণ আস্থা থাকলেও সহ-অধিনায়কের গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছে আর্সেনাল মিডফিল্ডার ডেকলান রাইসের কাঁধে। তবে লিডারশিপ গ্রুপে বেলিংহামের নাম থাকবে কি না, তা নিয়ে এখনই মুখ খোলেননি টুখেল।