images

স্পোর্টস / ফুটবল

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জিতে ফের রিয়ালের সভাপতি পেরেজ

স্পোর্টস ডেস্ক

০৮ জুন ২০২৬, ০২:৪৪ পিএম

রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচনে আবারও শেষ হাসি হাসলেন বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। সোমবার (৮ জুন, ২০২৬) ভোরের আলো ফোটার আগেই রিয়াল মাদ্রিদ টিভি ৭৯ বছর বয়সী পেরেজকে বিজয়ী ঘোষণা করে। তবে নির্বাচনে জিতলেও পেরেজের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছেন তার তরুণ প্রতিদ্বন্দ্বী এনরিকে রিকেলমে, যিনি এক-তৃতীয়াংশের বেশি ভোট পেয়ে পেরেজের একচ্ছত্র আধিপত্যকে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন।

রবিবার মাদ্রিদের উপকণ্ঠে অবস্থিত রিয়ালের ভালদেবেবাস ট্রেনিং গ্রাউন্ডে বসেছিল ভোটের মেলা। ক্লাবের মোট ৩৩,৫৫৫ জন সম্মানিত ‘সোসিও’ বা সদস্য এই ঐতিহাসিক নির্বাচনে ভোট দেন। অফিশিয়াল ভোট গণনা শেষে দেখা যায়, পেরেজ পেয়েছেন ৬৫% ভোট, আর পেরেজের ‘ক্লাব বেসরকারীকরণ’ নীতিকে তীব্র আক্রমণ করা ৩৬ বছরের জ্বালানি ব্যবসায়ী রিকেলমে পেয়েছেন ৩৫% ভোট। আনুষ্ঠানিক ফল প্রকাশের এক ঘণ্টা আগেই অবশ্য পরাজয় মেনে নিয়ে রিকেলমে পেরেজকে অভিনন্দন জানান এবং হুঙ্কার দিয়ে বলেন, "রিয়াল মাদ্রিদকে আর কখনো টানা ২০ বছর নির্বাচন ছাড়া পার করতে দেব না।"

টানা দুই মৌসুম রিয়ালের কোনো শিরোপা না পাওয়া এবং বার্সেলোনার লা লিগা জয়ের পর নিজের মেয়াদের দুই বছর বাকি থাকতেই মে মাসে এই আগাম নির্বাচনের ডাক দিয়ে জুয়া খেলেছিলেন পেরেজ। মাদ্রিদের একটি হোটেলে বিজয়ী ভাষণে পেরেজ বলেন, "এটি রিয়ালের জন্য এক অসাধারণ দিন। আমরা সব বয়সীদের ভোটে জিতেছি এবং এটি ক্লাবের নির্বাচনী ইতিহাসের দ্বিতীয় সেরা ফলাফল।"

নির্বাচন জয়ের জন্য পেরেজ সমর্থকদের যে ‘গ্যালাক্টিকো’ টোপ দিয়েছিলেন, তা এখন বাস্তবায়নের পালা। পেরেজ আগেই ঘোষণা করেছিলেন যে তিনি ক্লাবের ১২৪ বছরের ইতিহাসে রেকর্ড ভেঙে ১৫০ মিলিয়ন ইউরোর এক রহস্যময় মহাতারকাকে সই করাবেন, যার নাম আগামীকাল মঙ্গলবার (৯ জুন) অফিশিয়ালি প্রকাশ করা হবে। এছাড়া ডিফেন্ডার ইব্রিমা কোনাতে এবং ডেনজেল ডামফ্রিসকে দলে আনাও নিশ্চিত।

তবে ডাগআউটে জোসে মরিনহোকে ফিরিয়ে আনার ক্ষেত্রে পেরেজের সামনে এক ছোট আর্থিক বাধা তৈরি হয়েছে। মরিনহোর বর্তমান ক্লাব বেনফিকা পর্তুগালের মার্কেট রেগুলেটরের কাছে স্পষ্ট জানিয়ে দিয়েছে, পেরেজ যদি মরিনহোকে মাদ্রিদে নিতে চান, তবে তার রিলিজ ক্লজ বা চুক্তি বাতিলের পেনাল্টি হিসেবে বেনফিকাকে ১৫ মিলিয়ন ইউরো ক্যাশ পেমেন্ট করতে হবে।

পেরেজ জিতলেও ৩৫% সদস্যের ভোট প্রমাণ করে যে রিয়ালের ভেতর তার কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ রয়েছে। রিকেলমে মূলত পেরেজের গত নভেম্বরের একটি প্রস্তাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, যেখানে পেরেজ ক্লাবের ৫% শেয়ার বাইরের কর্পোরেট বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার জন্য একটি সহযোগী প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা করেছিলেন। রিকেলমে একে ‘ক্লাব বেসরকারীকরণের নগ্ন চেষ্টা’ বলে সোসিওদের মন জয় করেন। এছাড়া তিনি ম্যান সিটির আর্লিং হালান্ড ও রদ্রিকে আনার পাশাপাশি ভালদেবেবাসে হোটেল, জিম এবং বাস্কেটবল দলের জন্য ১৫,০০০ আসনের অ্যারেনা বানানোর স্বপ্ন দেখিয়েছিলেন।