স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০২৬, ০৯:৪২ এএম
রোববার মিরপুরের হোম অব ক্রিকেট সাজানো হয়েছে নির্বাচনী রঙে। বড় বড় ব্যানার, ফেস্টুন আর পরিচালক পদপ্রার্থীদের ছবিতে ভোট চাওয়ার আবেদন চোখে পড়ছে সবার। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তুমুল প্রচারণা। কিন্তু এই উৎসবের আড়ালে অনেকেই প্রশ্ন তুলছেন, গত দুই বছরে তিনজন সভাপতি দেখা বিসিবিতে নতুন নেতৃত্ব কতদিন টিকবে?
শেষ আট মাসেই দুজন সভাপতি বদল হয়েছে। এবার আবার নতুন করে ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া চলছে। অথচ নির্বাচন হচ্ছে অনেকটাই ‘মুখস্থ ছকে’। স্টেডিয়ামের আঙ্গিনায় কান পাতলেই শোনা যাবে কে হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, কে বাদ পড়ছেন। ফলে নির্বাচন অনেকটাই অনুমানযোগ্য হয়ে উঠেছে। ইতোমধ্যে ৮ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আসবে আরও ২ জন। ফলে আজ শুধু বাকি ১৫টি পদ নিয়েই ভোট হবে।
এই ৮ জনের মধ্যে সাতজনই আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার (ক্যাটাগরি-১) প্রতিনিধি। চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এসেছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার মঈন উদ্দিন চৌধুরী। ক্যাটাগরি-৩ থেকেও একজন সাবেক ক্রিকেটার বিনা লড়াইয়ে জায়গা করে নিয়েছেন।
ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে দুজন প্রার্থী সরে যাওয়ায় প্রতিদ্বন্দ্বিতা আরও কমেছে। লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফর রহমান ও ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মো. মাহমুদ-উর-রহমান প্রার্থিতা প্রত্যাহার করায় এখন এই ক্যাটাগরিতে ১৬ জনের লড়াই চলবে।
আজ ভোট হবে মূলত দুটি বিভাগে। খুলনা বিভাগের দুটি পদে লড়ছেন তিনজন মো. শফিকুল আলম (খুলনা), শান্তনু ইসলাম (যশোর) ও মো. আব্দুছ সালাম (চুয়াডাঙ্গা)। বরিশাল বিভাগের একটি পদে লড়াইয়ে আছেন মো. মিজানুর রহমান ও মো. মুনতাসির আলম চৌধুরী।
এছাড়া আবাহনী, মোহামেডান, শাইনপুকুর, উত্তরা, বসুন্ধরা রাইডার্সসহ বিভিন্ন ক্লাব থেকে আসা প্রার্থীদের মধ্যে রয়েছেন ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, আসিফ রব্বানী, তামিম ইকবাল খানসহ আরও অনেকে।
১৮৪ জন কাউন্সিলর আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট দেবেন। এক ঘণ্টার মধ্যে ফল ঘোষণা করা হবে। এরপর নির্বাচিত ২৫ জন পরিচালক নিজেদের মধ্যে ভোট করে বেছে নেবেন সভাপতি ও সহ-সভাপতি।
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এবার কি স্থিতিশীল নেতৃত্ব আসবে, নাকি অস্থিরতা চলতেই থাকবে; এটাই এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু।