images

স্পোর্টস / ফুটবল

বিশ্বকাপের আগে চোটে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা

স্পোর্টস ডেস্ক

০৬ জুন ২০২৬, ১০:৩৯ পিএম

বিশ্বকাপের মাঠে নামার প্রস্তুতি যখন শেষ পর্যায়ে, ঠিক তখনই বড় ধাক্কা খেল আর্জেন্টিনা শিবির। দলের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিওনার্দো বালের্দি অনুশীলনে গুরুতর চোট পেয়ে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। এতে কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনায় বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে শেষ মুহূর্তের অনুশীলনে ডান পায়ের পেশিতে আঘাত পান আর্জেন্টাইন ডিফেন্ডার বালের্দি। অনুশীলন শেষ করতে না পারায় পরে তাকে মাঠের বাইরে নেওয়া হয়। মেডিকেল পরীক্ষায় জানা যায়, তার পেশিতে গুরুতর টিয়ার (ছিঁড়ে যাওয়া) হয়েছে।

চিকিৎসকদের মতে, এই চোট সেরে উঠতে অন্তত কয়েক সপ্তাহ সময় লাগবে। ফলে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তার পুরোপুরি ফিট হয়ে ওঠা সম্ভব নয়। এই অবস্থায় ঝুঁকি না নিয়ে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।

আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি ইতোমধ্যেই বিকল্প খেলোয়াড় বেছে নেওয়ার কাজ শুরু করেছেন। প্রাথমিক তালিকা থেকে একজন ডিফেন্ডারকে দলে নেওয়া হবে। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন মার্কোস সেন্সি।

বালের্দির এই অনুপস্থিতি আর্জেন্টিনার রক্ষণভাগের জন্য বড় ক্ষতি। তিনি ফরাসি ক্লাব অলিম্পিক ডি মার্সেইের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে জাতীয় দলে জায়গা পাকা করেছিলেন। মূলত তিনি দলের প্রধান সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরোর বিকল্প হিসেবে পরিকল্পনায় ছিলেন।

বোকা জুনিয়র্স একাডেমি থেকে উঠে আসা এই ডিফেন্ডারকে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখা হচ্ছিল। জাতীয় দলে তিনি নিয়মিত সুযোগ পাচ্ছিলেন এবং বিশ্বকাপে নিজের জায়গা নিশ্চিত করেছিলেন।

এর আগে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুর একাদশে ছিলেন বালের্দি। পেরু, চিলি এবং ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে তিনি রক্ষণ সামলানোর দায়িত্ব পালন করেন। এখন পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তিনি ১১টি ম্যাচ খেলেছেন।

বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনার জন্য এখন সবচেয়ে বড় চিন্তা হলো দলের খেলোয়াড়দের ফিটনেস ঠিক রাখা এবং নতুন কোনো ইনজুরি এড়ানো। কারণ পুরো দলের ভারসাম্য ঠিক রাখা স্কালোনির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তার বদলি খেলোয়াড়ের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। তবে বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে এমন চোট আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তার পরিবেশ তৈরি করেছে।