Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

ঋতুপর্ণার গোলে স্বস্তির সমতায় বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

০৬ জুন ২০২৬, ০৮:০০ পিএম

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনালে জমে উঠেছে বাংলাদেশ ও ভারতের লড়াই। শিরোপা ধরে রাখার মিশনে নামা বাংলাদেশের মেয়েরা পিছিয়ে পড়েও ঋতুপর্নার গোলে দারুণ প্রত্যাবর্তন করে ম্যাচে সমতা ফিরিয়েছে। প্রথমার্ধের রোমাঞ্চকর ৪৫ মিনিট শেষে ১-১ সমতায় বিরতিতে গেছে দুই দল। 

ম্যাচের শুরু থেকেই দুই দলই সতর্ক ফুটবল খেলেছে। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, আর রক্ষণভাগেও দেখা গেছে শৃঙ্খলাবদ্ধ পারফরম্যান্স। ফলে প্রথমার্ধের বেশিরভাগ সময়ই গোলশূন্য অবস্থায় কাটে।

তবে ৪১ মিনিটে ম্যাচের প্রথম গোলটি পায় ভারত। বাংলাদেশের রক্ষণভাগের সামান্য ভুলের সুযোগ কাজে লাগিয়ে ভারতের আক্রমণভাগের খেলোয়াড় পিয়ারি বল জালে পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। গুরুত্বপূর্ণ এই গোলের পর ভারত কিছুটা আত্মবিশ্বাসী হয়ে ওঠে।

কিন্তু পিছিয়ে পড়ার পর দমে যায়নি বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগেই লাল-সবুজের প্রতিনিধিরা আক্রমণের গতি বাড়ায় এবং তার ফলও পেয়ে যায়। যোগ করা সময়ে দুর্দান্ত এক আক্রমণ থেকে সমতার গোল আদায় করে নেয় বাংলাদেশ। ফলে ১-১ সমতা নিয়েই প্রথমার্ধ শেষ হয়।

ফাইনালে বাংলাদেশ দলের একাদশে দুটি পরিবর্তন এনে চমক দেখিয়েছেন ব্রিটিশ হেড কোচ পিটার বাটলার। ভারতের আক্রমণ সামাল দেওয়া এবং মাঝমাঠে আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যেই এই পরিবর্তন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষ নজরে রয়েছেন অধিনায়ক মারিয়া মান্দা। ২০২২ ও ২০২৪ সালের শিরোপাজয়ী দলের সদস্য এই মিডফিল্ডার প্রথমবারের মতো ফাইনালে অধিনায়কের দায়িত্ব পালন করছেন এবং মাঝমাঠে অভিজ্ঞতার ছাপ রেখেছেন।

গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-০ গোলে হারের স্মৃতি পেছনে ফেলে এবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে সমান তালে লড়ছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলের খোঁজে মরিয়া হয়ে নামবে দুই দলই, ফলে ম্যাচটি আরও উত্তেজনাপূর্ণ হওয়ার আভাস মিলছে।