স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২৬, ০৩:০৮ পিএম
২০২৬ ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন প্রায় শেষ। শিরোপা লড়াইয়ে কোন দলগুলো এগিয়ে, তা নিয়ে চলছে নানা আলোচনা। এমন সময়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলের নেতা মনে করেন, সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে না থাকলেও ব্রাজিল এখনও বিশ্বকাপ জয়ের অন্যতম শক্তিশালী দাবিদার।
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, 'ব্রাজিল সবসময়ই শিরোপার জন্য লড়াই করার মতো দল। তারা হয়তো কিছুদিন ধরে নিজেদের সেরা ছন্দে নেই, কিন্তু তাদের দলে এমন খেলোয়াড় আছে যারা যেকোনো বড় টুর্নামেন্ট জয়ের সামর্থ্য রাখে।'
মেসির মতে, ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি তাদের সমৃদ্ধ খেলোয়াড় ভাণ্ডার এবং গভীর স্কোয়াড। তিনি বিশ্বাস করেন, নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলটি আরও ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী হয়ে উঠতে পারে।
বিশ্বকাপের সম্ভাব্য শিরোপা প্রত্যাশীদের তালিকায় ব্রাজিলের পাশাপাশি ফ্রান্স, স্পেন এবং পর্তুগালকে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা।
এ বিষয়ে তিনি বলেন, 'বর্তমানে ব্রাজিল, ফ্রান্স, স্পেন ও পর্তুগাল বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দলগুলোর মধ্যে রয়েছে। তারা খুব ভালো প্রস্তুতি নিয়ে টুর্নামেন্টে আসছে।'
তবে নিজেদের অবস্থান নিয়ে বাস্তববাদী মেসি। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের পথ যে সহজ হবে না, সেটিও স্বীকার করেছেন তিনি।
মেসি বলেন, 'আমাদের দলে কয়েকজন খেলোয়াড় চোট ও ফিটনেস সমস্যায় ভুগছে। তবে এই দলের মানসিক শক্তি এবং বড় মঞ্চে খেলার অভিজ্ঞতার ওপর আমার পূর্ণ আস্থা আছে।'
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপকে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর হিসেবে দেখছেন তিনি। তার মতে, বড় টুর্নামেন্টে যেকোনো মুহূর্তে চমক দেখা যেতে পারে।
মেসির ভাষায়, 'বিশ্বকাপে কোনো দলই নিরাপদ নয়। এখানে সবসময়ই অপ্রত্যাশিত কিছু ঘটে।'