Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

অবশেষে মার্কিন ভিসা পেল ইরানি ফুটবলাররা 

স্পোর্টস ডেস্ক

০৬ জুন ২০২৬, ০৬:৪০ এএম

আসন্ন ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের মাত্র ১০ দিন আগে ইরানের ফুটবলারদের ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক শুক্রবার এক্স-এ দেওয়া এক বার্তায় ভিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরানের জাতীয় ফুটবল দলের ভিসা প্রক্রিয়াকরণের কাজের জন্য আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসের আমাদের অসাধারণ দলটির ওপর আমি গর্বিত।’

এদিকে ফুটবলারদের ভিসা দিলেও যুক্তরাষ্ট্র এখনো দলের কারিগরি ও প্রশাসনিক কর্মীদের কয়েকজনকে ভিসা দেয়নি বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ।

কোনো সূত্রের উল্লেখ না করে প্রতিবেদনে বলা হয়, জাতীয় দলের কারিগরি ও নির্বাহী কর্মকর্তাদের কয়েকজনের ভিসা এখনো দেওয়া হয়নি এবং মার্কিন দূতাবাস এ পর্যন্ত তা দিতে অস্বীকৃতি জানিয়েছে।  

তবে এই খবর নিয়ে ইরানের ফেডারেশন এখনো কোনো বিবৃতি দেয়নি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বিশ্বের বৃহত্তম ক্রীড়া আসর বিশ্বকাপকে একটি ভূ-রাজনৈতিক প্রতিযোগিতায় পরিণত করেছে। ১৯৩০ সালে শুরু হওয়ার পর এটিই প্রথম বিশ্বকাপ, যেখানে আয়োজক দেশ এমন একটি দেশকে আতিথ্য দিতে চলেছে যার সঙ্গে সে যুদ্ধরত।

এবার বিশ্বকাপের গ্রুপ ‘জি’-তে পড়া ইরানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। তবে ভিসা জটিলতা এবং রাজনৈতিক উত্তেজনার কারণে ইরানি দলটির বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে মেক্সিকোর টিজুয়ানায় স্থানান্তর করে তেহরান, যা পরে মঞ্জুর করে ফিফা। এতে মেক্সিকো থেকেই ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যাতায়াত করবেন ইরানি ফুটবলাররা।

আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ ‘জি’-এর প্রথম ম্যাচ খেলবে ইরান। ২১ জুন একই মাঠে বেলজিয়াম এবং এরপর ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে।


এমএইচআর